OMG! পুকুরে ভেসে উঠল ৩ শিশুর দেহ, এলাকায় নেমে এলো শোকের ছায়া

বীরভূমের নলহাটিতে একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনায় পাড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল তিন শিশুর। বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজির পর সোমবার বেলা ১২টা নাগাদ স্থানীয় একটি জলাশয় থেকে তিন শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নলহাটির উওরপাড়া এলাকা সহ গোটা অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিশুদের নাম নাসরিন খাতুন (৪ বছর), নুরানি খাতুন (৫ বছর) এবং তামিম শেখ (৮ বছর)। মৃতদের মধ্যে দু’জন মেয়ে এবং একজন ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা ১০টা নাগাদ উওরপাড়ার ওই শিশুরা একসঙ্গে খেলতে বেরিয়েছিল। বেলা গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাদের সন্ধান না মেলায় অবশেষে এলাকার পুকুরপাড়ে যান সকলে। সেখানেই জলাশয়ের জলে তিন শিশুর দেহ ভাসতে দেখেন তাঁরা।
পরিবারের লোকজনের ধারণা, খেলতে খেলতেই কোনও ভাবে ওই শিশুরা পুকুরের গভীর জলে পড়ে যায়। এরপর স্থানীয়রাই দ্রুত খবর দেন নলহাটি থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তিন শিশুর দেহ উদ্ধার করে। দেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নলহাটি থানার পুলিশের পাশাপাশি নলহাটি-২ ব্লক প্রশাসনের কর্তারাও ঘটনাস্থলে পৌঁছন এবং শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন।
একসঙ্গে তিন শিশুর এমন করুণ মৃত্যুতে উওরপাড়া সহ নলহাটি এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। খেলার মাঠে এমন মর্মান্তিক পরিণতিতে এলাকার মানুষ হতবাক।