SPORTS: বার্সা এবং রিয়্যাল ম্যাচে রেফারিকে আইস পাক ছুড়ে মার!, ক্ষমা চাইলেন মাদ্রিদ তারকা

কোপা দেল রে ফাইনাল চলাকালীন বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচের অতিরিক্ত সময়ে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করে আইস প্যাক ছুঁড়ে মারার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের সেন্টার-ব্যাক আন্তোনিও রুডিগার। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে রুডিগার তাঁর আবেগের উপর নিয়ন্ত্রণ হারানোর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।
এই ঘটনার প্রেক্ষিতে স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, রুডিগারের উপর ৪ থেকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি স্প্যানিশ ফুটবল ফেডারেশন মাস হিসেবেও তাঁকে নিষিদ্ধ করতে পারে। লা লিগার শিরোপা ফয়সালা হওয়ার আগে এমন নিষেধাজ্ঞা রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হতে পারে।
রুডিগারের এই আচরণে জার্মানিকে বিশ্বকাপ এনে দেওয়া কিংবদন্তি অধিনায়ক লোথার ম্যাথাউজ রীতিমতো বিরক্ত। তাঁর মতে, রুডিগারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ম্যাথাউজ বলেছেন, “ও উন্মাদ হয়ে গিয়েছিল। নিজের উপরে নিয়ন্ত্রণ ছিল না। রুডিগার একজন জার্মান খেলোয়াড় এবং সবাই ওকে উদাহরণ হিসেবে দেখে। কিন্তু ফাইনালে রুডিগার যেন সবকিছু ভুলে গিয়েছিল।”
আরেক জার্মান ফুটবলার ডিটমার হামানও রুডিগারের এমন আচরণ মেনে নিতে পারেননি। তাঁর মতে, জার্মানির জাতীয় দল থেকেও রুডিগারকে নিষিদ্ধ করা উচিত।
রেফারির দিকে আইস প্যাক ছোঁড়ার মতো অনভিপ্রেত ঘটনার জন্য রুডিগারের ক্ষমা চাওয়া সত্ত্বেও, এই ঘটনার সম্ভাব্য গুরুতর পরিণতি এবং জার্মান ফুটবল মহলের তীব্র সমালোচনা তাঁর ওপর চাপ সৃষ্টি করেছে।