OMG! কলেজে যাওয়ার পথে নিখোঁজ তরুণী, রহস্য জনক ঘটনা ঘিরে উদ্বিগ্ন পরিবার

কোচবিহারের এক ১৯ বছরের কলেজ পড়ুয়া আলিপুরদুয়ার কলেজে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন। গত ২২ এপ্রিল বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওনা হলেও, তারপর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। এই ঘটনায় কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে।

নিখোঁজ তরুণী কোচবিহার শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কোচবিহার বার অ্যাসোসিয়েশনের সামনে টাইপিস্টের কাজ করা বিজন দে-র মেয়ে। পরিবার তাঁর দ্রুত সন্ধান চাইছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে।

নিখোঁজ তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, তাঁকে শেষবার দেখা গিয়েছিল আলিপুরদুয়ার চৌপথিতে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দু’জন অচেনা যুবক। পরিবারের দাবি, ওই যুবকেরা দক্ষিণবঙ্গের বাসিন্দা এবং তাঁদের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এই সমস্ত তথ্য প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পরিবার জানিয়েছে। তরুণীর বাবা বিজন দে বলেছেন, “আমরা চাই, দ্রুত পুলিশ তদন্ত করে আমার মেয়েকে খুঁজে বের করুক। আলিপুরদুয়ার চৌপথিতে শেষবার ওকে দেখা গিয়েছিল। ওই যুবকদের চিহ্নিত করা গেছে, পুলিশ যেন দ্রুত ব্যবস্থা নেয়।”

স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উজ্জ্বল তর এই ঘটনার পর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে খোঁজখবর শুরু করেছেন এবং পুলিশি তৎপরতা বাড়াতে উদ্যোগী হয়েছেন। বৃহস্পতিবার তিনি নিজে পরিবারের সদস্যদের নিয়ে আলিপুরদুয়ার থানায় যান। তাঁর অভিযোগ, পুলিশ তদন্তে সেভাবে সহযোগিতা করছে না। উজ্জ্বল তর বলেন, “কোচবিহার কোতোয়ালি ও আলিপুরদুয়ার – দুই থানাতেই অভিযোগ জানানো হলেও পুলিশের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যাচ্ছে না। তরুণীকে দ্রুত না খুঁজে পাওয়া গেলে বড় ক্ষতি হতে পারে।”

এদিকে কোচবিহার কোতোয়ালি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি এবং পরিবারের দেওয়া তথ্য যাচাই করছি। নিখোঁজ তরুণীর সন্ধানে চেষ্টা চলছে।”

ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ তরুণীর কোনও সন্ধান মেলেনি। পরিবার ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত এবং আরও সক্রিয় তদন্তের মাধ্যমে তরুণীকে খুঁজে বের করার জোর দাবি জানিয়েছেন।