পুরনো গাড়ির মালিকানা বদল না করলে দায় পুরনো মালিকের, কড়া বার্তা লালবাজারের

নতুন গাড়ি কেনার সামর্থ্য না থাকায় বহু মানুষ কম দামে পুরনো গাড়ি কিনে থাকেন। কিন্তু অনেক ক্রেতাই গাড়ির বিক্রয় মূল্য ছাড়া অন্যান্য খরচ, যেমন মালিকানা পরিবর্তন এবং নথি পুনর্নবিকরণের অতিরিক্ত ব্যয় এড়াতে মালিকানা পরিবর্তন করেন না। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের কাছে এই সংক্রান্ত বহু তথ্য জমা রয়েছে। এই পরিস্থিতিতে পুরনো গাড়ির মালিকানা পরিবর্তন নিয়ে কড়া বার্তা দিল লালবাজার।
কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুরনো গাড়ি কেনার পর ক্রেতা যদি নির্ধারিত পদ্ধতিতে মালিকানা পরিবর্তন না করেন এবং সেই গাড়িটি কোনও অপরাধমূলক কার্যকলাপ বা ট্রাফিক নিয়ম লঙ্ঘনের সঙ্গে যুক্ত হয়, তাহলে তার জন্য পুরনো মালিককেই দায়ী করা হবে। ট্রাফিক পুলিশের কাছে বহু ক্ষেত্রেই এমন গাড়ির তথ্য থাকে যেখানে ট্রাফিক জরিমানা বকেয়া পড়ে আছে বা গাড়ির নথির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু মালিকানা বদল হয়নি। মালিকানা বদলের খরচ বাঁচাতেই অনেক ক্রেতা এই কাজ করেন না, যা পরবর্তীকালে বড় সমস্যার সৃষ্টি করে।
সম্প্রতি গার্ডেনরিচ উড়ালপুলে একটি গাড়ি উল্টে গিয়ে এক নাবালকের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, গাড়িটির মূল মালিক একজন, কিন্তু সেটি চালাচ্ছিল অন্য একজন, এবং দুর্ঘটনায় নিহত নাবালক ছিল গাড়িটির তৃতীয় মালিক। অর্থাৎ, প্রথম মালিকের কাছ থেকে একজন গাড়িটি কিনেছিলেন, যিনি পরে আবার সেটি ওই নাবালককে বিক্রি করেছিলেন। তদন্তে স্পষ্টভাবে উঠে আসে যে গাড়িটির মালিকানা পরিবর্তন করা হয়নি, অর্থাৎ বেআইনিভাবে কেনা-বেচা হয়েছিল। শুধু তাই নয়, ওই গাড়িটির সমস্ত নথিপত্রের মেয়াদও অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল।
পুলিশ জানিয়েছে, অনেক পুরনো গাড়ির ক্ষেত্রেই নথিপত্রে এই ধরনের গলদ দেখা যায়। আর গাড়ি বিক্রির পর প্রথম মালিকও সাধারণত কোনো দায় নিতে চান না। অথচ নিয়ম অনুযায়ী, পুরনো গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই ২৯ ও ৩০ নম্বর ফর্ম পূরণ করতে হয়। এর পাশাপাশি, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতার নামে পরিবর্তন করে নিতে হয়। কিন্তু অনেকেই এই নিয়ম মানেন না।
এ বিষয়ে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, যদি গাড়ির মালিকানা পরিবর্তন না করা হয় এবং নতুন মালিক সেই গাড়ি ব্যবহার করে কোনও অপরাধ করেন, তাহলে তার জন্য পুরনো মালিককেই দায়ী করা হবে। এক্ষেত্রে নতুন মালিককে চালক হিসেবে গণ্য করা হবে, কিন্তু পুরনো মালিককে এই সংক্রান্ত পুলিশি জেরার সম্মুখীন হতে হবে। সুতরাং, পুরনো গাড়ি কেনা বা বিক্রি করার ক্ষেত্রে মালিকানা পরিবর্তন সংক্রান্ত নিয়মগুলি যথাযথভাবে পালন করা অত্যাবশ্যক, অন্যথায় পুরনো মালিককেই বড়সড় আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে।