BigNews: ভারতের পাল্টা অ্যাকশন, বন্ধ করে দেওয়া হলো পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর এবার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত। এর মধ্যে সবচেয়ে নতুন সংযোজন হিসেবে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলের অ্যাকাউন্টটি ভারতে বন্ধ (ব্লক) করা হয়েছে। পহেলগাঁও হামলার ঘটনার দুই দিন পরেই ভারত সরকার এই পদক্ষেপ করল।

জানা গেছে, ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স কর্তৃপক্ষকে পাকিস্তান সরকারের অ্যাকাউন্টটি ভারতে ব্লক করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধে সাড়া দিয়েই এক্স কর্তৃপক্ষ ভারতে পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে।

পহেলগামে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার পরে গত বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, সেই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বৈঠকের পরে বিদেশ সচিব বিক্রম মিস্রি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে সমর্থন করা বন্ধ না করা পর্যন্ত সিন্ধু নদের জলের চুক্তি স্থগিত থাকবে। সিন্ধু জল চুক্তি রদ করার সিদ্ধান্তকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শুধু সিন্ধু জল চুক্তি স্থগিত করাই নয়, পাকিস্তান সরকারের বিরুদ্ধে আরও বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে অন্যতম হলো:

১. যারা বৈধ অনুমোদন নিয়ে আটারি সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে গিয়েছিলেন, তাঁদের আগামী ১ মে তারিখের মধ্যে এই পথ দিয়েই ভারতে ফিরে আসার অনুমতি দেওয়া হবে।
২. এরপর থেকে পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।
৩. জরুরি প্রয়োজন দেখা দিলেও কোনও পাক নাগরিককে আর ভিসা দেওয়া হবে না। যে সমস্ত ভিসা ইতিমধ্যেই দেওয়া হয়েছে, সেগুলিকে বাতিল করা হবে।
৪. যে সমস্ত পাক নাগরিক বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের দ্রুত নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
৫. ভারতে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিকদের তাঁদের পরিবার সহ ভারত ছাড়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এই সমস্ত কঠোর পদক্ষেপের মধ্যেই এবার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডলটিও ভারতে বন্ধ করে দিল দিল্লি। পহেলগাঁওয়ের হামলার জবাব দিতে ভারত যে বিভিন্ন স্তরে কড়া অবস্থান নিয়েছে, এই ঘটনা তার আরও একটি প্রমাণ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই পদক্ষেপগুলি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।