OMG! শৌচালয় থেকে উদ্ধার ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারের ঝুলন্ত দেহ, ঘটনায় আটক ২

নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের মোল্লাবার কৃষি সমবায় ব্যাঙ্কের শৌচাগার থেকে এক ব্যাঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় মৃতের সহকর্মীদের বিরুদ্ধে খুন করে ঝুলিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।

মৃত ব্যক্তির নাম অসিত বিশ্বাস। তিনি শ্যামনগরের বাসিন্দা ছিলেন এবং অতীতে ওই ব্যাঙ্কেরই ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। সূত্রের খবর, ব্যাঙ্কের টাকার লেনদেন নিয়ে সম্প্রতি অসিত বিশ্বাসের সঙ্গে অন্যদের কিছু অশান্তি চলছিল। এই বিবাদের জেরেই অসিতকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং অনুপ ওরাং নামে এক ব্যক্তি নতুন ম্যানেজার হিসাবে দায়িত্ব নেন।

জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও অসিত বিশ্বাস ব্যাঙ্কে গিয়েছিলেন। কাজ শুরুর কিছুক্ষণ পরেই ব্যাঙ্কের শৌচাগারে অসিত বিশ্বাসের ঝুলন্ত দেহ দেখতে পান কয়েকজন গ্রাহক। খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবারের সদস্যরা এবং শান্তিপুর থানার পুলিশ।

মৃতের পরিবারের অভিযোগ, অসিত বিশ্বাসকে খুন করে তাঁর দেহ শৌচাগারে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, টাকার লেনদেন সংক্রান্ত বিবাদের কারণেই অসিতকে ম্যানেজার পদ থেকে সরানো হয়েছিল এবং তাকে এর আগেও খুনের হুমকি দেওয়া হয়েছিল বলেও পরিবারের তরফে দাবি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পুলিশের গাড়ি ঘেরাও করে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশের আশ্বাসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

মৃত অসিত বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে তিন সহকর্মীর নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ব্যাঙ্কের নতুন ম্যানেজার অনুপ ওরাং এবং শেখর প্রামাণিক নামে আরও এক কর্মীকে পাকড়াও করেছে। অভিযোগপত্রে নাম থাকা বাকি এক সহকর্মীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ব্যাঙ্কের মতো একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু এবং সহকর্মীদের বিরুদ্ধে ওঠা এই ধরনের গুরুতর অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।