সফটওয়্যার ইউনিট বিক্রি করে দিচ্ছে বোয়িং? ৮০০ কোটি ডলারের বেশি মূল্যে চুক্তির সম্ভাবনা

বিশ্বখ্যাত বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের সফটওয়্যার কোম্পানি জেপেসেন নেভিগেশন ইউনিট অধিগ্রহণের জন্য আলোচনা চালাচ্ছে আমেরিকান প্রাইভেট ইকুইটি কোম্পানি থোমা ব্রাভো। এই বিষয়টি জানেন এমন সূত্রের বরাত দিয়ে গত সোমবার মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, বোয়িংয়ের জেপেসেন ইউনিট কেনার ক্ষেত্রে থোমা ব্রাভো ‘চুক্তির কাছাকাছি’ পৌঁছে গেছে। মনে করা হচ্ছে, এই অধিগ্রহণ সংক্রান্ত ঘোষণা চলতি সপ্তাহের শেষেই দিতে পারে বোয়িং এবং থোমা ব্রাভো।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িংয়ের সিইও কেলি অর্টবার্গের (Kelly Ortberg) পরিকল্পিত এই জেপেসেন বিক্রির মূল লক্ষ্য হলো কোম্পানির কার্যক্রমকে আরও সহজ করা এবং যেসব সম্পদ খুব প্রয়োজনীয় নয়, সেগুলো বিক্রি করে ঋণের বোঝা কমানো।

এ বিষয়ে বোয়িং কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে, রয়টার্স যখন মন্তব্য জানতে থোমা ব্রাভোর সঙ্গে যোগাযোগ করে, তখন তাদের পক্ষ থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে, গত মাসে রয়টার্স একটি প্রতিবেদনে জানিয়েছিল যে, ন্যাভিগেশন পণ্য ও সফটওয়্যার সরবরাহকারী জেপেসেনকে কেনার জন্য বেশ কয়েকটি বেসরকারি ইক্যুইটি কোম্পানি এবং অন্তত একটি অ্যারোস্পেস কোম্পানির কাছ থেকে অফার বা প্রস্তাব পাওয়া গেছে। সেই সময় এই ইউনিটটির সম্ভাব্য মূল্য আটশ কোটি ডলারেরও (আট বিলিয়ন ডলার) বেশি ধরা হয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে আরও লেখা হয়েছে, গত বছর যখন জেপেসেনকে প্রথম বিক্রির জন্য বাজারে তোলা হয়, তখন বোয়িং প্রাথমিকভাবে এর মূল্য ছয়শ কোটি ডলারের (ছয় বিলিয়ন ডলার) কাছাকাছি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে ক্রেতাদের তীব্র আগ্রহের কারণে এর দাম আরও বেড়ে যায়।

কলোরাডোর এঙ্গেলউড শহরে অবস্থিত জেপেসেন তার প্রভাবশালী অবস্থানের জন্য বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে। এটি মহাকাশ অভিযান সংশ্লিষ্ট কাজ করা বিভিন্ন ঠিকাদার কোম্পানি এবং অন্যান্য প্রাইভেট ইক্যুইটি কোম্পানিগুলোকে আকর্ষণ করছে। এই ধরনের প্রাইভেট ইক্যুইটি কোম্পানিগুলো সাধারণত সেই সমস্ত সংস্থাতেই বিনিয়োগ করতে বেশি আগ্রহী হয়, যেখান থেকে নিয়মিত অর্থ আয় বা লাভ সম্ভব।

২০০০ সালে দেড়শ কোটি ডলারে জেপেসেন’কে অধিগ্রহণ করেছিল বোয়িং। ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে বোয়িংয়ের মালিকানাধীন প্লেন কোম্পানির পাইলটদের জন্য বিশ্বের প্রথম ন্যাভিগেশন চার্ট বিক্রি শুরু করেছিলেন জেপেসেন’এর প্রতিষ্ঠাতা এলরে বোর্জ জেপেসেন (Elrey Borge Jeppesen)। প্রায় আট বিলিয়ন ডলারের সম্ভাব্য মূল্যে থোমা ব্রাভোর কাছে জেপেসেন বিক্রি বোয়িংয়ের জন্য একটি উল্লেখযোগ্য আর্থিক পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে।