পহেলগাঁও রক্তাক্ত, ২৬ জনের মৃত্যু, হামলার যোগ্য জবাবের হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রীর

রক্তাক্ত উপত্যকা। ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, হাহাকার, আর্তনাদ। কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারানোদের মধ্যে রয়েছেন ২৬ জন। এই হামলার পর গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরব সফর কাটছাঁট করে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আজই তিনি এই ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলার যোগ্য জবাব ভারত অচিরেই দেবে। বুধবার এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রাজনাথ সিং বলেন, এই ভয়াবহ হামলায় যারা দায়ী সেই সংগঠন এবং ব্যক্তিদের কাছে ভারত কিছু সময়ের মধ্যেই পৌঁছাবে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “আমরা কেবল তাদের কাছেই পৌঁছব না যারা আমাদের উপর আক্রমণ করেছে, আমরা তাদের কাছেও পৌঁছব যারা ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চালানোর জন্য পর্দার আড়ালে লুকিয়ে ছিল। আক্রমণকারী এবং তাদের মাথা উভয়কেই লক্ষ্যবস্তু করা হবে।” এর আগে তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বৈঠকেও তিনি উপস্থিত থাকবেন।
এর আগে বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে এসে শোকগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন। মঙ্গলবার রাতেই তিনি জম্মু-কাশ্মীরে পৌঁছেছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। এদিন অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে স্থানীয় বাসিন্দা ও সেনার উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলেন।