বেঙ্গালুরুতে মুখোমুখি আরসিবি-রাজস্থান, বদলার ম্যাচে স্যামসনহীন রয়্যালস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের (আরআর)। গতবারের সাক্ষাতে রাজস্থানকে হারিয়েছিল আরসিবি, তাই এটি রাজস্থানের জন্য একটি বদলার ম্যাচ। তবে এই ম্যাচে রাজস্থান তাদের অধিনায়ক সঞ্জু স্যামসনকে পাচ্ছে না চোটের কারণে।
চলতি আইপিএলে গত ১৩ এপ্রিল জয়পুরে অনুষ্ঠিত প্রথম সাক্ষাতে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান তুলেছিল। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়।
এই মুহূর্তে পয়েন্ট তালিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থান বেশ মজবুত। ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের তিনে রয়েছে। তাদের নেট রান রেট ০.৪৭২। আগামীকাল জিতলে তৃতীয় দল হিসেবে ১২ পয়েন্টে পৌঁছাবে আরসিবি এবং দিল্লি ক্যাপিটালসকে (নেট রান রেট ০.৬৫৭) টপকে দুই নম্বরে উঠে আসার সুযোগ থাকবে তাদের সামনে। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের অবস্থা বেশ সঙ্গীন। ৮ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট তালিকার আটে। তাদের নেট রান রেট মাইনাস (-) ০.৬৩৩। আগামীকাল হেরে গেলে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন দলের প্লে-অফে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে বাকি ৫টি ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছাতে পারবে, যা প্লে-অফের জন্য যথেষ্ট নাও হতে পারে।
রাজস্থান রয়্যালস টানা চারটি ম্যাচে হেরে এই মুহূর্তে কঠিন পরিস্থিতিতে রয়েছে। এর মধ্যে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ওভারে জেতার মতো পরিস্থিতি থেকেও হার তাদের প্লে-অফের আশা আরও ক্ষীণ করে দিয়েছে।
আরসিবি এবারের আইপিএলে ঘরের মাঠে এখনও কোনো ম্যাচ জিততে পারেনি, তাদের সব জয়ই এসেছে অ্যাওয়ে ম্যাচে। ফলে তারা চাইবে প্রথমবার ঘরের মাঠে জিতে প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে, ৩৩টি দ্বৈরথে আরসিবি জিতেছে ১৬টিতে, সেখানে রাজস্থানের জয় ১৪টিতে। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
আরসিবি তাদের উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। রাজস্থান রয়্যালস সন্দীপ শর্মার জায়গায় পেসার আকাশ মাধওয়ালকে খেলাতে পারে। চিন্নাস্বামীর উইকেট গত দুদিন ধরে কভার দিয়ে ঢাকা ছিল, ফলে পিচ কেমন আচরণ করবে তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। তবে আকাশ পরিষ্কার এবং রোদ থাকায় বৃষ্টিতে খেলা ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই। বেঙ্গালুরুর উইকেট রাহুল দ্রাবিড়ের নখদর্পণে, তাই দ্রাবিড়ের কৌশল কেমন থাকে সেদিকেও নজর থাকবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দল: ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব: সুযশ শর্মা।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল: বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে। ইমপ্যাক্ট সাব: আকাশ মাধওয়াল।