উদিতকে ‘কামুক বুড়ো’, আদিত্যকে ‘বিপথে চালিত ছেলে’ বললেন অমিত ট্যান্ডন, বাবা-ছেলের উপর তোপ গায়কের

গত ফেব্রুয়ারির ঘটনা, গান শুনতে আসা অনুরাগীর ঠোঁটে চুমু খেয়ে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন জনপ্রিয় বলিউড গায়ক উদিত নারায়ণ। নেটপাড়ায় ভাইরাল হয়েছিল তাঁর চুমু খাওয়ার ভিডিও। এই ঘটনা ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বর্ষীয়ান এই শিল্পী। এবার উদিত নারায়ণের সেই চুমু কাণ্ড এবং তাঁর পুত্র আদিত্য নারায়ণকে নিয়ে মুখ খুললেন অভিনেতা-গায়ক অমিত ট্যান্ডন।
উদিত নারায়ণকে কটাক্ষ করে অমিত ট্যান্ডন সরাসরি ‘Horny old man’ অর্থাৎ ‘বিকৃতকাম (কামুক) বুড়ো’ বলে তোপ দেগেছেন। শুধু তাই নয়, উদিত পুত্র আদিত্যকেও ‘বিগড়া হুয়া বাচ্চা’ অর্থাৎ ‘বিপথে চালিত ছেলে’ বলে আক্রমণ করেছেন অমিত।
ঠিক কী বলেছেন অমিত ট্যান্ডন?
ফিল্মিমন্ত্রাকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত ট্যান্ডন উদিত নারায়ণের চুমু বিতর্ক প্রসঙ্গে বলেন, “আমি ওঁর গান গাইতে ভালোবাসি কিন্তু আমি এটা বলতে চাই যে উনি একজন কামুক বৃদ্ধ। আমি জানি না, এটা বলা কি ঠিক কিনা! মানে, ওহি হ্যায়, কিসি নে লাইন মারি অর উনহোনে লাইন পুরি খিচ দি (কেউ যদি একটু সুযোগ করে দেয়, তখন উনি তার সুবিধা নিতে ছাড়েন না)। এটাই বক্তব্য। অনুরাগীরা তো এমন করবেই, আমার এমন শোও হয়েছে, যেখানে লোকজন কাছে আসার চেষ্টা করে, কিন্তু এটা নির্ভর করে আপনি তাঁদের কতটা অনুমতি দেবেন। সবকিছুতেই সীমা থাকা উচিত। যদি আমি সেখানে থাকতাম আর আমার বান্ধবী বা স্ত্রী মঞ্চে ছবি তোলার জন্য যেত এবং এইরকম কিছু ঘটত, তাহলে আমি তাঁকে তখনই ধরে পেটাতাম। খুব মারতাম।”
তবে একজন গায়ক হিসেবে উদিত নারায়ণকে তিনি অনেক সম্মান করেন বলেও জানান অমিত। তিনি বলেন, “আমি নিশ্চিত যে সেই সময় এমনই একটা পরিবেশ তৈরি হয়েছিল। তবুও, আমাদের নিজেদের জন্য কিছু সীমা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে সীমা পার করবেন না।”
আদিত্য নারায়ণকে নিয়ে কী বলেছেন অমিত?
শুধু উদিত নারায়ণ নয়, আদিত্য নারায়ণকে নিয়েও মুখ খুলেছেন গায়ক-অভিনেতা অমিত ট্যান্ডন। আদিত্য নারায়ণকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিগড়া হুয়া বাচ্চা’। পাতি বাংলায় বললে, তিনি বলতে চেয়েছেন ‘আদিত্যরও ১২ বেজে গেছে’ বা উনিও বিপথে পা বাড়িয়েছেন।
আদিত্য নারায়ণও বহুবার জনসমক্ষে উগ্র আচরণ করেছেন। একবার এক কনসার্টে গিয়ে তিনি মাইক ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আদিত্যের সেই আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, অমিত বলেন, “আমার বলতে কোনও দ্বিধা নেই যে ওটা অত্যন্ত অপেশাদার ব্যবহার ছিল। এটাই বুঝিয়ে দেয় যে আপনি কতটা খারাপ।” তিনি আরও বলেন, “অবশ্যই আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি না, হয়তো উনি একজন ভালো মানুষ। তবে ভাইরাল হওয়া ভিডিও থেকে আমার মনে হয়েছে, যে ওঁর মানসিকতাও ভালো নয়।”