ফোনের সব ছবি ডিলিট হলে ফিরে পাবেন যেভাবে, জেনেনিন সহজ উপায়

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, আর এর গ্যালারিতেই আমরা ধরে রাখি আমাদের মূল্যবান স্মৃতিগুলো। কিন্তু স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ভুলবশত জরুরি ছবি বা ভিডিও ডিলিট হয়ে যাওয়া। এমন প্রায়ই অনেকের সঙ্গে ঘটে থাকে, যা নিয়ে পরে অনুশোচনা করতে হয়। তবে হতাশ হওয়ার কিছু নেই, গুগল ফটোস এবং গুগল ড্রাইভ ব্যবহার করে আপনি আপনার ডিলিট হওয়া ছবিগুলো পুনরুদ্ধার করার সুযোগ পেতে পারেন।
গুগল ফটোস থেকে যখন আপনি কোনো ছবি বা ভিডিও ডিলিট করেন, তখন সেটি সরাসরি আপনার ফোন থেকে মুছে না গিয়ে স্বয়ংক্রিয়ভাবে ‘ট্র্যাশ’ (Trash) ফোল্ডারে চলে যায়। গুগল ফটোসে ব্যাক আপ করা ছবি এবং ভিডিওগুলো ডিলিট করার পর ৬০ দিনের জন্য এই ট্র্যাশ ফোল্ডারে থাকে। তবে যেগুলোর ব্যাক আপ রাখা ছিল না, সেগুলো ৩০ দিনের জন্য ট্র্যাশে সংরক্ষিত থাকে। এই সময়সীমার মধ্যেই ট্র্যাশ ফোল্ডার থেকে ডিলিট হওয়া ফটো এবং ভিডিওগুলো পুনরুদ্ধার করা সম্ভব। কিন্তু একবার যদি আপনি ট্র্যাশ ফোল্ডারটি খালি করে দেন, তাহলে তার বিষয়বস্তু স্থায়ীভাবে মুছে যায় এবং সেগুলো আর পুনরুদ্ধার করা যায় না। গুগল সমর্থন অনুযায়ী, কেউ যদি ২ বছর বা তার বেশি সময় ধরে গুগল ফটোসে সক্রিয় না থাকেন বা ২ বছর বা তার বেশি সময় ধরে নিজেদের স্টোরেজ সীমা অতিক্রম করে থাকেন, তাহলেও ফটো সহ সেই সব কনটেন্ট মুছে ফেলা হতে পারে।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে মুছে ফেলা ছবি ফেরত পাওয়া যায়:
১. ট্র্যাশ ফোল্ডার চেক করে পুনরুদ্ধার:
মুছে ফেলা ছবি ট্র্যাশ ফোল্ডার থেকে পুনরুদ্ধার করতে, প্রথমে গুগল ফটোস অ্যাপটি খুলুন। এরপর নিচে থাকা ‘লাইব্রেরি’ (Library) অপশনে ক্লিক করুন এবং সেখানে থাকা ‘ট্র্যাশ’ (Trash) ফোল্ডারটি খুঁজুন ও খুলুন। এখানে আপনি আপনার ডিলিট হওয়া ছবি ও ভিডিওগুলো দেখতে পাবেন। যে ফটোটি পুনরুদ্ধার করতে চান, সেটি খুঁজে সেটির উপর ট্যাপ করে ধরে রাখুন বা একাধিক ছবি হলে সিলেক্ট করুন। এরপর নিচে থাকা ‘রিস্টোর’ (Restore) বিকল্পে ক্লিক করুন। ফটোটি পুনরুদ্ধার হয়ে আপনার ফোন গ্যালারি বা গুগল ফটো লাইব্রেরিতে ফিরে আসবে।
২. আর্কাইভ বা সেভ করা ফোল্ডারের সাহায্যে:
কখনো কখনো লোকেরা ভুলবশত ছবি ডিলিট না করে সেগুলোকে আর্কাইভ (Archive) করে রাখে এবং ভাবে যে সেগুলো হয়তো মুছে গেছে বা খুঁজে পাচ্ছে না। অনুপস্থিত ছবিগুলোর জন্য গুগল ফটোসের আর্কাইভ বা সেভ করা ফোল্ডারটি পরীক্ষা করা সহায়ক হতে পারে। যদি আর্কাইভ ফোল্ডারে আপনার হারানো ছবিগুলো খুঁজে পান, তবে কেবল সেটিকে সিলেক্ট করে ‘আনআর্কাইভ’ (Unarchive) বিকল্পটি নির্বাচন করুন। এতে ফটোটি পুনরায় আপনার মূল গ্যালারিতে পুনরুদ্ধার করা হবে।
৩. গুগল ড্রাইভ থেকে পুনরুদ্ধারের জন্য গুগল সাপোর্ট:
যদি আপনার মুছে ফেলা ছবিগুলো গুগল ফটোসে না থেকে গুগল ড্রাইভে সেভ করা থাকে এবং আপনি সেগুলো খুঁজে না পান, তবে গুগলকে অনুরোধ করা যেতে পারে সেগুলো পুনরুদ্ধারে সহায়তা করতে। এজন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে:
প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইল ব্রাউজার থেকে গুগল ড্রাইভে যান এবং হেল্প পেজে ক্লিক করুন।
এরপর হেল্প পেজ থেকে ‘মিসিং অর ডিলিটেড ফাইলস’ (Missing or Deleted Files) অপশনে ক্লিক করুন।
এরপর একটি পপ-আপ বক্সে দুটি বিকল্প পাওয়া যাবে: ‘রিকোয়েস্ট চ্যাট’ (Request Chat) এবং ‘ইমেইল সাপোর্ট’ (Email Support)। এখান থেকে আপনার পরিস্থিতির জন্য উপযুক্ত একটি বিকল্প সিলেক্ট করে গুগল সাপোর্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনার সমস্যার কথা জানাতে পারেন।
মনে রাখবেন, ডিলিট হওয়া ছবি পুনরুদ্ধারের সুযোগ সীমিত সময়ের জন্য থাকে। তাই কোনো ছবি ডিলিট হয়ে গেলে যত দ্রুত সম্ভব ট্র্যাশ ফোল্ডারটি চেক করা উচিত। এই সহজ ধাপগুলি অনুসরণ করে আপনি হয়তো আপনার হারানো মূল্যবান ছবিগুলো আবার ফিরে পেতে পারেন।