BigNews: কাপড়ে গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত ২

কলকাতার প্রাণকেন্দ্র পাথুরিয়াঘাটার একটি বহুতলে কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাতে ঘটা এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে একজন আহতও হয়েছেন, তবে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনাটি ঘটেছে ৬৫/এ পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি চারতলা ভবনের চারতলায় রবিবার রাত সাড়ে দশটা নাগাদ। খুব দ্রুত আগুন চারতলায় ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে দাউদাউ করে জ্বলতে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারতলার কাপড়ের গুদাম থেকেই আগুনের সূত্রপাত। গুদামে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

আগুনের কারণে বিল্ডিংয়ের ভেতরে থাকা লোকজন চরম বিপদে পড়েন। তারা প্রাণ বাঁচাতে ছাদের দিকে ছুটলেও সেখানে ছাদের দরজায় তালা দেওয়া ছিল। বেরোনোর অন্য কোনো রাস্তা না থাকায় বেশ কয়েকজন ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে পাথুরিয়াঘাটা এলাকার সংকীর্ণ গলি এবং রাস্তার কারণে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। স্থানীয়দের সহযোগিতায় অবশেষে ১০টি ইঞ্জিন পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই বিল্ডিংয়ের ভেতর থেকে দুই ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির পরিচয় জানা গেছে তিনি স্থানীয় একটি মন্দিরের পুরোহিত।

কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হল তা এখনও নিশ্চিত নয়। দমকল বিভাগ এর কারণ খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে দমকল কর্মীরা মনে করছেন শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। একই সাথে একটি বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে তালা দেওয়া এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। ভবনের মালিকের বিরুদ্ধে নিরাপত্তা বিধি না মানার অভিযোগ উঠেছে।