উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এল জগন্নাথ দেবের মূর্তি, চাঞ্চল্য

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! আগামী সপ্তাহেই দিঘায় উদ্বোধন হতে চলেছে নবনির্মিত জগন্নাথ মন্দিরের। আগামী ৩০ এপ্রিল এই মন্দিরের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তার আগেই এবার যা ঘটল, তাতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দিঘাজুড়ে।
রবিবার দিঘার নবনির্মিত জগন্নাথ ঘাটে ভেসে এল স্বয়ং জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি। স্থানীয় সূত্রে খবর, জগন্নাথ মন্দিরের কাছে সমুদ্র সৈকতে ওই মূর্তিটিকে ভাসমান অবস্থায় প্রথম দেখতে পান পর্যটকেরা। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে।
এরপরই ওই মূর্তিটি দেখার জন্য ক্রমশ ভিড় জমাতে শুরু করেন উৎসুক জনতা। পর্যটকেরাই উদ্যোগ নিয়ে দিঘার জগন্নাথ ঘাট থেকে মূর্তিটি তুলে আনেন। জানা গিয়েছে, কাঠের তৈরি এই মূর্তিটির একটি হাত ভাঙা রয়েছে। তবে, জগন্নাথ দেবের মূর্তিটি কী করে সমুদ্রে ভেসে এল, তা নিয়ে পর্যটকদের মধ্যে তুমুল জল্পনা শুরু হয়েছে।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঠিক আগেই এহেন ঘটনা পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদের মনেও গভীর প্রভাব ফেলেছে। অনেকেই বিষয়টিকে অলৌকিক বলে মনে করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরটিকে ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। উদ্বোধনের আগেই বহু পর্যটক মন্দিরটি এক ঝলক দেখার জন্য ভিড় করছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ এপ্রিল দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ তারিখে তিনি মন্দিরের ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। ২৯ এপ্রিল থেকে শুরু হবে যজ্ঞ। আর তার পরের দিন, অর্থাৎ ৩০ এপ্রিল, তিনি নবনির্মিত এই মন্দিরের উদ্বোধন করবেন। এমতাবস্থায়, মন্দিরের উদ্বোধনের ঠিক আগে দেবতার এই অপ্রত্যাশিত আগমন স্বাভাবিকভাবেই সকলকে বিস্মিত করেছে।