চার খেতাবের স্বপ্নে ধাক্কা, লেওয়ানডস্কির চোট বার্সেলোনার কপালে চিন্তার ভাঁজ

চলতি মরসুমে চারটি খেতাব জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লা লিগা, কোপা ডেল রে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ রয়েছে কাতালানদের সামনে। এরই মধ্যে দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কির মারাত্মক চোট। লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফুটবলার।

বার্সেলোনার পক্ষ থেকে রবিবার এক বিবৃতিতে লেওয়ানডস্কির চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, “প্রথম দলের খেলোয়াড় রবার্ট লেওয়ানডস্কির বাম উরুতে সেমিটেন্ডিনোসাস ইনজুরি হয়েছে।” এই চোটের জন্য লেওয়ানডস্কিকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে অবশ্য বার্সার বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লেওয়ানডস্কিকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।

যার অর্থ হল, তিনি আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে কোপা ডেল রে ফাইনালে খেলতে পারবেন না। একইভাবে, তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে ৩০ এপ্রিলের প্রথম লেগ এবং ৬ মে-র দ্বিতীয় লেগের ম্যাচেও অনিশ্চিত। এর পাশাপাশি লেওয়ানডস্কি আগামী মঙ্গলবার মায়োরকার বিপক্ষে এবং ৩ মে ভ্যালাডোলিডের বিরুদ্ধে লা লিগা ম্যাচেও খেলতে পারবেন না। তবে আগামী ১১ মে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে লা লিগা শিরোপা নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলতে পারেন।

৩৬ বছর বয়সি এই পোলিশ ফরোয়ার্ড চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করে বার্সেলোনার শীর্ষ গোলদাতা। এ বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ী বার্সেলোনা সম্ভাব্য চারটি শিরোপা জয়ের লক্ষ্যে রয়েছে এবং ২০১৯ সালের পর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনাল খেলতে নামছে। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে কাতালানরা।

শনিবার সেল্টা ভিগোর বিরুদ্ধে লা লিগার ম্যাচটিতে বার্সা ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে। সেই ম্যাচে ৭৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লেওয়ানডস্কি। প্রধান কোচ হ্যান্সি ফ্লিক এর আগে লেওয়ানডস্কির বিকল্প হিসেবে ফেরান টোরেসকে মাঝমাঠে এবং ড্যানি ওলমোকে ফলস নাইন হিসেবে ব্যবহার করেছেন। তিনি ফের একই কৌশল অবলম্বন করতে পারেন।

ফলে শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ সময়ে দলের প্রধান স্ট্রাইকারের এই চোট বার্সেলোনার জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।