SPORTS: প্রথম ম্যাচে আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটারের যত রেকর্ড, দেখেনিন একনজরে

আইপিএলের মেগা নিলামে দল পাওয়ার পরই ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন বৈভব সূর্যবংশী। কারণ সেই সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অভিষেক হওয়ার আগেই তিনি ১৪ বছরে পা দেন। কিন্তু ব্যাটিংয়ে তিনি এতটুকু বুঝতে দেননি যে অন্য অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তার বয়সের কোনো ফারাক রয়েছে। প্রথম বলেই কাভার অঞ্চলের ওপর দিয়ে যেভাবে বলটিকে সীমানাছাড়া করলেন, তা দেখে মুগ্ধ নেটিজেনরা সঙ্গে সঙ্গেই বলে উঠলেন, “একজন নক্ষত্রের জন্ম হলো!”
বৈভব সূর্যবংশীর জন্ম ২০১১ সালের ২৭শে মার্চ, যখন আইপিএলের দুটি আসর শেষ হওয়ার পর তৃতীয়টির জন্য অপেক্ষা চলছিল। আর তার জন্মের বছরেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। সেই তরুণ ক্রিকেটার আইপিএলের অষ্টাদশ আসরেই সুযোগ পেয়ে যাবেন, এমনটা হয়তো কেউই কল্পনা করতে পারেনি। বৈভবকে আইপিএলের মেগা নিলামে ১.১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস।
বৈভবের জন্য আরও আনন্দের বিষয় ছিল কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিকে পাওয়া। যদিও আইপিএলের চলতি আসরে তাকে খেলানোর সম্ভাবনা শুরুতে কমই ছিল। কিন্তু রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের অপ্রত্যাশিত ইনজুরি তার অভিষেকের মুহূর্তটিকে দ্রুত এগিয়ে আনে। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বিহারের এই বিস্ময়-বালকের অভিষেক হয়। তবে ম্যাচটিতে তাকে ফিল্ডিং করতে হয়নি। ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে কেবল ব্যাটিংয়েই নেমেছিলেন বৈভব, এবং অভিষেকেই খেললেন ২০ বলে ৩৪ রানের এক ঝড়ো ক্যামিও ইনিংস।
আইপিএলের প্রথম ম্যাচেই বৈভবের যত নতুন রেকর্ড:
বাঁ-হাতি এই ব্যাটার ক্রিজে আসা মাত্রই যে ইতিহাস গড়বেন, তা হয়তো অনেকেই আন্দাজ করতে পেরেছিলেন। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে গতকাল খেলতে নামা বৈভব সূর্যবংশীর বয়স ছিল ১৪ বছর ২৩ দিন। এর আগে আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটারের রেকর্ডটি ছিল প্রয়াস রায় বর্মণের, যিনি ১৬ বছর ১৫৭ দিন বয়সে ২০১৯ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন।
বৈভব আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। শার্দুল ঠাকুরের বলে জায়গায় দাঁড়িয়ে কাভারের ওপর দিয়ে উড়িয়ে মারা সেই ছয়টি তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের ছক্কার মালিক করে তুলেছে। এতদিন এই রেকর্ডটি ছিল রাজস্থানেরই আরেক ক্রিকেটার রিয়ান পরাগের, যিনি ১৭ বছর ১৬১ দিন বয়সে প্রথম আইপিএলে ছয় মেরেছিলেন।
আইপিএল ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকায় বৈভব দশম স্থানে নিজের নাম লিখিয়েছেন। তার আগে এই কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার রব কুইনি, ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার, আন্দ্রে রাসেল, জাভোন সিয়ারলেস ও কার্লোস ব্রাফেট, ভারতের অনিকেত চৌধুরী, সিদ্ধেশ লাড ও সামির রিজভী এবং শ্রীলঙ্কার মহেশ থিকশানা।
𝐌𝐀𝐊𝐈𝐍𝐆. 𝐀. 𝐒𝐓𝐀𝐓𝐄𝐌𝐄𝐍𝐓 🫡
Welcome to #TATAIPL, Vaibhav Suryavanshi 🤝
Updates ▶️ https://t.co/02MS6ICvQl#RRvLSG | @rajasthanroyals pic.twitter.com/MizhfSax4q
— IndianPremierLeague (@IPL) April 19, 2025
আইপিএলে সবচেয়ে কম বয়সে চারটি মারার রেকর্ডটিও এখন বৈভব সূর্যবংশীর দখলে। অভিষেক ম্যাচেই তিনি দুটি চার মেরেছেন। ছয় হাঁকিয়েছেন তিনটি। এর আগে সর্বকনিষ্ঠ হিসেবে চার মারার রেকর্ডটি ছিল প্রয়াস রায় বর্মণের নামে, যা ছয় বছর ধরে অক্ষুণ্ণ ছিল।
অভিষেক ম্যাচে বৈভবের এই ইনিংসটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। ২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান করেছেন, যার স্ট্রাইকরেট ছিল ১৭০। এইডেন মার্করামের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন তিনি। আউট হয়ে ফেরার সময় তার চোখে জল দেখা গিয়েছিল। অন্যদিকে, সর্বকনিষ্ঠ এই ক্রিকেটারের উইকেট পেয়ে উল্লাসে ফেটে পড়ে প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ২ রানে ম্যাচটি জিতে নেয় লখনৌ। লখনৌয়ের ১৮০ রানের জবাবে বৈভব এবং জয়সওয়ালদের রাজস্থান থামে ১৭৮ রানে।