শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারির আবেদন, ইন্টারপোলের দ্বারস্থ বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের ন্যাশনাল ক্রাইম ব্যুরো (এনসিবি) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে। দ্য ডেইলি স্টার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হাসিনার সাথে আরও ১১ জনের বিরুদ্ধেও একই আবেদন করা হয়েছে।
মহম্মদ ইউনূস ঘনিষ্ঠ মহলে হাসিনা অন্তর্বর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছেন, এমন অভিযোগ ওঠার মধ্যেই এই পদক্ষেপ নিলো বাংলাদেশ পুলিশ।
গত বছর অগাস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। এরপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালেই রয়েছেন। যদিও মাঝে মাঝে সামাজিক মাধ্যমে দেশবাসী এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি।
এনসিবির এক কর্মকর্তা জানান, হাসিনার বিরুদ্ধে চলমান মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ, সরকারি আইনজীবী এবং তদন্তকারী সংস্থাগুলো ইন্টারপোলের কাছে এই আবেদন করার অনুরোধ করে। পলাতক অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে এনসিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান তিনি।
গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকেও পুলিশকে হাসিনা ও অন্যান্য পলাতক অভিযুক্তদের গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাহায্য নিতে বলা হয়েছিল।
হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে গৃহযুদ্ধ সৃষ্টি করে অন্তর্বর্তী ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগও রয়েছে। এছাড়াও গণহত্যা এবং দুর্নীতির অভিযোগেও মামলা রয়েছে।