BigNews: ফের অশান্ত হয়ে উঠলো ভাঙড়, TMC-র পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ

ওয়াকফ আইনের প্রতিবাদে কিছুদিন আগে উত্তপ্ত ভাঙড়ে ফের অশান্তির ছায়া। বৃহস্পতিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখার ২৪ ঘণ্টার মধ্যেই, শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর আইএসএফের দিকে।

ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আইএসএফ সমর্থকরাই তাদের পার্টি অফিসে আগুন লাগিয়েছে। আগুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় বিধায়ক শওকত মোল্লার ছবি পুড়ে গেছে। এছাড়াও একটি ক্যারাম বোর্ড ভেঙে খালে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে। তবে আইএসএফের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, কিছুদিন আগে ওয়াকফ আইন নিয়ে ভাঙড়ের পোলেরহাট ও উত্তর কাশীপুর থানা এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল। এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে খোদ কলকাতার পুলিশ কমিশনার ভাঙড়ে যান। তার ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটল। ফলে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।