“সালমান খান আবার বাউন্স ব্যাক করবেন”-‘সিকান্দার’-এর ব্যর্থতা নিয়ে ভাইজানের পাশে ইমরান

ঈদে মুক্তিপ্রাপ্ত সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’ বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে না পারায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। নানা কটাক্ষের মধ্যেই ছবিটি ১০০ কোটির গণ্ডি পার করলেও, সমালোচকরা সালমানের ফিল্মি ক্যারিয়ার নিয়ে কাটাছেঁড়া করছেন। এই পরিস্থিতিতে ভাইজানের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ইমরান হাশমি। তাঁর দৃঢ় বিশ্বাস, সালমান খান শীঘ্রই স্বমহিমায় ফিরবেন।
সম্প্রতি নিজের নতুন ছবি ‘গ্রাউন্ড জিরো’র প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইমরান হাশমি। সেখানে ‘সিকান্দার’ নিয়ে সালমানের আপাত ব্যর্থতার প্রসঙ্গ উঠলে ইমরান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমার বিশ্বাস, নিজের ক্ষমতা ও অভিজ্ঞতার জোরেই সালমান খান আবার বাউন্স ব্যাক করবেন।”
তিনি আরও বলেন, “সালমান খানের সঙ্গে সম্প্রতি আমার কথা হয়নি। কিন্তু উনি তো এত দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন, উনি জানেন যে সবকিছুরই ওঠাপড়া থাকে। দশ বছর আগে মানুষ শাহরুখ খানের সম্পর্কেও একই ধরনের নেতিবাচক কথা বলেছিলেন। কিন্তু সেই সব ধারণা ভুল প্রমাণিত হয়েছে।”
ইমরান খান শাহরুখ খানের উদাহরণ টেনে এনে বলেন, “শাহরুখ খান আবার স্বমহিমায় ফিরে এসেছেন। আমার ধারণা, সালমান খান এবং শাহরুখ খান দুজনেই এই ইন্ডাস্ট্রির নাড়ি নক্ষত্র জানেন। তাঁরা দীর্ঘ দিন ধরে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন এবং উত্থান পতন খুব কাছ থেকে দেখেছেন। সম্ভবত এখনকার সময়টা তাঁর (সালমান খানের) নিয়ন্ত্রণে নেই।”
ভাইজানের পক্ষ নিয়ে ইমরান আরও বলেন, “সব সময় সবকিছু নিজের হাতে থাকে না। নিজের একশ শতাংশ দেওয়ার পরেও ছবি সফল নাও হতে পারে। এর মানে এই নয় যে তাঁর ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। বরং আমার বিশ্বাস, সালমান খান তাঁর ক্যারিশমা এবং অনস্ক্রিন উপস্থিতির মাধ্যমেই সমস্ত সমালোচনার যোগ্য জবাব দেবেন।”
ইমরান হাশমির এই মন্তব্য সালমান খানের ভক্তদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনেছে এবং ইন্ডাস্ট্রির অন্দরেও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ‘ভাইজান’ সত্যিই কবে তাঁর পুরনো ফর্মে ফিরে আসেন।