আলিপুরদুয়ারে পালিত হচ্ছে ‘গদান বথর’ উৎসব, জানেন কেন এই পুজোর আয়োজন? জেনেনিন তাহলে

বৈশাখের শুরুতেই উৎসবের আমেজে মেতে উঠেছে আলিপুরদুয়ারের সাতালি মণ্ডলপাড়া। বোরো জনজাতির ঐতিহ্যবাহী ‘গদান বথর’ উৎসব এবার ৩৩তম বর্ষে পদার্পণ করেছে। ১৯৯২ সাল থেকে শুরু হওয়া এই উৎসব আজও একই জাঁকজমক ও আন্তরিকতা নিয়ে পালিত হচ্ছে।

এই উৎসবে বোরো সমাজের সকল মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক ডোকনা পরে অংশগ্রহণ করেন। উৎসবের মূল আকর্ষণ পুজো, যা ‘অগ্নি’র উদ্দেশ্যে নিবেদিত। পুজোর মাধ্যমে নতুন বছরের শুভ সূচনা ও ভালো ফসলের আশীর্বাদ কামনা করা হয়।

পুরোহিত বঙ্কিম ব্রহ্ম জানিয়েছেন, “আমরা বিশ্বাস করি এই পুজো করলে ফসল ভাল হয় এবং বন্যপ্রাণীর উপদ্রব কমে। তাই বছরের শুরুতেই অগ্নিকে পুজো করি। ১৯৯২ সাল থেকে এই রীতি চলে আসছে, এবছর ৩৩তম বর্ষ।”

পুজোর পরেই শুরু হয় উৎসবের আরেক বিশেষ পর্ব—সাতদিনব্যাপী বাগুরুম্বা নৃত্য। বোরো সমাজের মহিলারা দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে এই লোকনৃত্য পরিবেশন করেন। ঐতিহ্যবাহী গান, বাঁশি ও ঢোলের তালে তালে এই নৃত্য যেন গোটা এলাকাকে মাতিয়ে তোলে।

স্থানীয় বাসিন্দা সুমিত্রা বোরো বলেন, “এই উৎসব আমাদের সংস্কৃতির অঙ্গ। নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতে আমরা সকলে মিলে প্রতি বছর এই উৎসব উদযাপন করি।”

আলিপুরদুয়ার জেলার সাংস্কৃতিক চিত্রে এই উৎসব এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কেবলমাত্র বোরো সমাজের নয়, আশেপাশের বহু মানুষ এই উৎসবে অংশ নেন এবং বোরো সংস্কৃতির সঙ্গে একাত্মতা অনুভব করেন।