বিধানসভার বাইরে হিন্দু শহিদ দিবস পালন শুভেন্দুদের, ওয়াকফ নিয়ে একের পর এক তোপ মমতার

ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে ‘হিন্দু শহিদ দিবস’ পালনের ডাক দিয়েছে বিজেপি। এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন বিজেপি বিধায়করা। মুর্শিদাবাদে নিহত বাবা-ছেলের পোস্টার হাতে স্লোগান তোলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ঠিক একই সময়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ইমামদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তিনি কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। মুর্শিদাবাদের অশান্তির জন্য কেন্দ্রকেই দায়ী করেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি দেখে তড়িঘড়ি ওয়াকফ আইন কেন পাশ করা হল, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় এজেন্সিগুলির ভূমিকা নিয়েও সরব হন তিনি।

এদিকে, ধুলিয়ানে এদিনও নতুন করে অশান্তির খবর পাওয়া যায়। পুরসভার চেয়ারম্যানের ভাইয়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে, ধুলিয়ানে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী।

বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ এবং নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বৈঠক, দুই কর্মসূচিতেই ওয়াকফ আইন এবং মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তি মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে।