“গণ্ডগোল হয়েছে কংগ্রেসের এলাকায়”, বৈঠকে বড় দাবি মমতার, আর কি কি বললেন? দেখুন

মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, “কিছু প্ররোচনা দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “যেখানে গণ্ডগোল হয়েছে, সেটা মুর্শিদাবাদ আসন নয়, মালদহের আসন। কংগ্রেসের জেতা আসন। জেতার সময় জিতবে। দাঙ্গা হলে রাস্তায় বেরবে না, এটা আশা করি না। জন প্রতিনিধিদের সঙ্গে থাকতে হবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন, “তৃণমূল কংগ্রেস যদি অশান্তি করত, তাহলে তৃণমূলের তিন বিধায়কের বাড়ি আক্রান্ত হত না। পার্টি অফিসও ভাঙা হত না।”

আজ, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যের ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক প্রসঙ্গে তিনি জানান, “ইদের পর একটি বৈঠক করার কথা আগেই হয়েছিল। ৭ এপ্রিল সময় দেওয়া হয়েছিল। পরে পিছিয়ে ১৬ তারিখ করা হয়। এই বৈঠক আমি ডাকিনি। ইমামরা আমাকে ডেকেছেন। আমরা এসেছি।”

মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও ধুলিয়ানে এখনও অশান্তির আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, এ রাজ্যে নতুন ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হবে না। ফিরহাদ হাকিমও একই কথা বলেছেন।

আজকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।