“খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন ধোনি!”-ভাইরাল ভিডিও ঘিরে বাড়ছে ইনজুরির শঙ্কা, দেখেনিন ভিডিও

আইপিএল ২০২৫-এ চেন্নাই সুপার কিংসের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি হেরে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে বাকি প্রতিটি ম্যাচই তাদের কাছে এখন ‘ডু অর ডাই’। তবে শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শিবিরে।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য বিষয়ও স্টিফেন ফ্লেমিংয়ের দলকে চিন্তায় রাখছে। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ইতিমধ্যেই চোটের কারণে মাঠের বাইরে। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করছেন অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি। তবে এবার তাঁকেও নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

সম্প্রতি আইপিএলের টিম হোটেলে মহেন্দ্র সিং ধোনিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। লখনৌর বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসের পরেই এই ভিডিও প্রকাশ্যে এসেছে। হাঁটুর চোট ধোনির দীর্ঘদিনের সঙ্গী। নতুন করে তাঁকে খুঁড়িয়ে হাঁটতে দেখে তাই অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও এই বিষয়ে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, ডান পায়ে সামান্য অস্বস্তি থাকায় খুঁড়িয়ে হাঁটছেন ধোনি। হোটেলের বাইরে অপেক্ষারত দর্শকদের উল্লাসধ্বনির দিকেও তেমন মনোযোগ নেই প্রাক্তন ভারতীয় অধিনায়কের। উইকেটের পেছনে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাটিং অর্ডারে পর্যাপ্ত বিকল্প না থাকায় বেশিরভাগ ম্যাচে ধোনিকেই সিএসকের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে হচ্ছে। পুরো দলকে একসূত্রে বেঁধে রাখার গুরুভারও তাঁর কাঁধেই।

এমন পরিস্থিতিতে পরের ম্যাচে ধোনিকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। তবে চেন্নাই ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবর, আইপিএলে তাদের পরের ম্যাচ আগামী ২০ এপ্রিল। সেদিন তাদের প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্স। বড় কোনো চোট না হলে সেদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনিকে দেখা যেতে পারে, এমনটাই আশা রাখছেন ক্রিকেটপ্রেমীরা।