সাগরিকা-জাহিরের ঘর আলো করে এল পুত্রসন্তান, কি নাম রাখলেন মিষ্টি সোনার?

বলিউডের জনপ্রিয় নায়িকা সাগরিকা ঘাটগে (Sagarika Ghatge) এবং ক্রিকেটার জাহির খান (Zaheer Khan) তাদের প্রথম সন্তানের বাবা-মা হলেন। এই খুশির খবরটি তারকা দম্পতি নিজেরাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে তাঁরা তাঁদের পুত্র সন্তানের নামও প্রকাশ করেছেন।
তাঁরা লিখেছেন, ‘ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে আমরা আমাদের প্রিয় ছোট ছেলে ফতেহসিন খানকে স্বাগত জানাচ্ছি।’ জাহির ও সাগরিকা তাঁদের নবজাতকের দুটি ছবি পোস্ট করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, দুজনে তাঁদের ছোট্ট ছেলেকে পরম আদরে ধরে রেখেছেন। অন্য ছবিতে তাঁদের সন্তানের ছোট ছোট আঙুলগুলি ধরে থাকার একটি সুন্দর ক্লোজ-আপ দৃশ্য শেয়ার করেছেন তাঁরা।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহির খান ও সাগরিকা ঘাটগে। প্রাক্তন ক্রিকেটার জাহির খান দেশের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে সুপরিচিত। অন্যদিকে, সাগরিকা ঘাটগে শাহরুখ খান অভিনীত ‘চক দে! ইন্ডিয়া’ ছবিতে প্রীতি সাভারওয়ালের চরিত্রে অভিনয় করে ‘চক দে’ গার্ল হিসেবে দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করেন।
তাদের প্রথম সন্তানের আগমনে খুশি তাঁদের অনুরাগীরা এবং বহু তারকা শিল্পীও এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ফতেহসিন খানের ছবিগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।