“ইদানীং কেন জানি না মনে হচ্ছে…?”-নিজের মনের ভয়ের কথা জানালেন টোটা রায় চৌধুরী

প্রেক্ষাগৃহে ছবি মুক্তির আগে তারকাদের প্রচারের ঝড় এখন চেনা ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাক্ষাৎকার—সর্বত্র নিজেদের উপস্থিতি জানান দেন তারকারা। তবে এই অতিরিক্ত প্রচারের আলোয় কিছুটা ক্লান্ত বাংলার অভিনেতা টোটা রায় চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে মুখ খুলেছেন।
টোটা রায় চৌধুরী বলেন, ‘ইদানীং কেন জানি না মনে হচ্ছে, বড্ড বেশি প্রচারের আলোয় চলে আসছি। এত সাক্ষাৎকার দিচ্ছি যে ঘুরেফিরে যেন একই কথা বলছি। বক্তব্য যেন ফুরিয়ে আসছে। ভয় হচ্ছে, এত দেখতে দেখতে, একই কথা শুনতে শুনতে এবার দর্শকেরই না একঘেয়ে লাগতে থাকে।’
কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের উদাহরণ টেনে টোটা আরও বলেন, ‘জনতার সঙ্গে প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত পরিসরেও একই রকম উৎকর্ষ ও আনন্দে যাপন করতেন বলে আজও তিনি তার অনুরাগীদের কাছে ঈশ্বরতুল্য।’
বর্তমানে টোটা রায় চৌধুরী আবারও ‘ফেলুদা’র চরিত্রে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। চলতি মাসের শেষ দিকে বা আগামী মাস থেকে শুরু হবে শুটিং। তিনি জানান, বার বার চিত্রনাট্য পড়ে নিজের চরিত্রটিকে আত্মস্থ করার চেষ্টা করছেন। এইবার ‘ফেলুদা’ সিরিজের পরিচালকেরও পরিবর্তন হয়েছে, সৃজিত মুখোপাধ্যায়ের পরিবর্তে দায়িত্ব নিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
পরিচালক কমলেশ্বরের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেতা বলেন, ‘মন দিয়ে কমলদার চাওয়া, বক্তব্য বুঝে নেওয়ার চেষ্টা করছি। ‘ফেলুদা’ করার দেড় সপ্তাহ আগে সব কাজ বন্ধ করে দিই। ডাবিংও করি না। তখন আমার ভিতর-বাহির সত্যজিৎ রায়ের ‘প্রদোষ চন্দ্র মিত্র’।’
অতিরিক্ত প্রচারের ভিড়ে কোথাও যেন তারকাদের ব্যক্তিগত জীবন ও কাজের প্রতি মনোযোগ ব্যাহত হচ্ছে, এমনটাই মনে করছেন টোটা রায় চৌধুরী। তাঁর এই মন্তব্য বর্তমান প্রচারসর্বস্ব ইন্ডাস্ট্রিতে এক নতুন চিন্তাভাবনার জন্ম দিতে পারে বলে মনে করছেন অনেকে।