বজ্রপাত সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, বৈশাখের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? যা জানালো আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে বেশ কিছু জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

যে জেলাগুলিতে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল – কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি।

আগামীকাল, ১৭ এপ্রিলও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সব জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। তবে, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে। অন্যদিকে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ঝড়ো হাওয়ার গতি আরও বাড়তে পারে, যা ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

১৮ এপ্রিলও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ঝড়ের গতি আরও বেশি থাকতে পারে, যা ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এরপর ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সকল জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকতে পারে। এই সময় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তবে ১৯ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হতে পারে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ এপ্রিল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এরপর ১৮ ও ১৯ এপ্রিল তাপমাত্রা সামান্য কমে ৩২ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। ২০ এপ্রিল থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে এবং ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ২১ ও ২২ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে।

এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি ও তার থেকে দূরে থাকার কথাও বলা হয়েছে।