‘ডন থ্রি’-তে রণবীরের সঙ্গী হচ্ছেন শর্বরী ওয়াঘ!- জেনেনিন কে এই নায়িকা?

ডন’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি ‘ডন থ্রি’ নিয়ে দর্শকদের উত্তেজনা ক্রমশ বাড়ছে। ছবিতে শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংয়ের নাম ঘোষণার পর থেকেই ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে, ছবির নায়িকা কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল দীর্ঘ দিন ধরেই। বিভিন্ন অভিনেত্রীর নাম শোনা গেলেও, অবশেষে পর্দা উঠল সেই রহস্যের।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ডন থ্রি’-তে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী শর্বরী ওয়াঘকে। প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট নাকি ইতিমধ্যেই শর্বরীর কাছে ছবির প্রস্তাব পাঠিয়েছে এবং অভিনেত্রী সেই প্রস্তাব গ্রহণ করেছেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে ‘মুনিয়া’ ও ‘আলফার’ মতো জনপ্রিয় চরিত্র দেখা গেছে, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে শর্বরীর নাম।

গত বছর থেকেই শর্বরীর ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী। শুধু ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্যই নয়, সেই ছবির ‘তরস’ গানে তাঁর আবেদনময়ী উপস্থিতি দর্শকদের মনে ঝড় তুলেছিল। এরপর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘মহারাজ’ এবং সাম্প্রতিক ছবি ‘বেদা’-তেও শর্বরীর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এই তিনটি ছবি ইতিমধ্যেই বলিউডে শর্বরীকে একটি পরিচিত নাম এনে দিয়েছে। ২০২৫ সালে মুক্তি পাবে তাঁর আরও একটি নতুন ছবি ‘আলফা’, যেখানে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

তবে, ‘ডন থ্রি’-তে যুক্ত হওয়ার খবর শর্বরীর ক্যারিয়ারে আরও একটি বড় চমক হতে চলেছে। এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এখন দেখার অপেক্ষা, ‘ডন থ্রি’-তে রণবীর সিংয়ের সঙ্গে শর্বরীর জুটি কতটা আলোড়ন সৃষ্টি করতে পারে।