“ওয়াকফ থেকে জগন্নাথ মন্দির”- আজ জোড়া বৈঠকে মুখ্যমন্ত্রী, আলোচনায় নজর সকলের

দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের প্রস্তুতি নিয়ে আজ, বুধবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক মন্ত্রী এবং মুখ্যসচিব-সহ রাজ্যের শীর্ষ আমলারা উপস্থিত থাকবেন। তবে রাজ্য পুলিশের ডিজি ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা বৈঠকে যোগ দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দিঘার এই বহু প্রতীক্ষিত মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, আজ সকালেই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। এই বৈঠকের আয়োজক ইমাম অ্যাসোসিয়েশন। মনে করা হচ্ছে, এই বৈঠকে ইমাম ও মোয়াজ্জেমদের বক্তব্য শোনার পর মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
আজ বিকেলেই ফের নবান্নে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন সংক্রান্ত প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক পরিস্থিতিতে আজকের এই দুটি বৈঠকই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকের মূল উদ্দেশ্য রাজ্যে শান্তি বজায় রাখা। কারণ, সম্প্রতি ওয়াকফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায়ের একাংশের বিক্ষোভের জেরে মুর্শিদাবাদ-সহ বিভিন্ন এলাকায় হিংসার ঘটনা ঘটেছে। যদিও মুখ্যমন্ত্রীর কঠোর হস্তক্ষেপে বর্তমানে মুর্শিদাবাদে শান্তি ফিরে এসেছে এবং বহু অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, ৩০ এপ্রিলের মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা এবং মন্দিরের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। মন্দির উদ্বোধনের পর দিঘায় বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন আশা করে পরিবহন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা হতে পারে। সূত্রের খবর, মন্দির পরিচালনা কমিটি গঠন এবং উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রাজনৈতিক মহলের ধারণা, ইমামদের মাধ্যমে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে এই বার্তা দিতে চান যে, ওয়াকফ আইন এই রাজ্যে কার্যকর হবে না। যে আইন রাজ্যে লাগু হবে না, তা নিয়ে বিক্ষোভের কোনও যৌক্তিকতা নেই। মুখ্যমন্ত্রী ইমামদের কাছে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সহযোগিতা চাইবেন। ইতিমধ্যেই ইমামদের পক্ষ থেকেও সকলের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আগামী ২৭ এপ্রিল দিঘা সফর করবেন। ২৮ এপ্রিল তিনি মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে বাংলার সম্প্রীতির প্রতীক হিসেবে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী। আজকের নবান্নের বৈঠকে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক লন্ডন সফরসঙ্গীরাও বৈঠকে উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী আজকের বৈঠকে ওয়াকফ আইন নিয়ে রাজ্য সরকারের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করবেন। গত সপ্তাহেই তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এই আইন বাংলায় কার্যকর করা হবে না। তার পরেও মুর্শিদাবাদের পরিস্থিতি কেন উত্তপ্ত হয়ে উঠেছিল, সে বিষয়ে রাজ্য সরকার কোনও বিশেষ তদন্তের সিদ্ধান্ত নেয় কিনা, সেটাই এখন দেখার।