কেন এত লেডিস কামরা? রেল অবরোধ করে প্রতিবাদ যাত্রীদের, একাধিক স্টেশনে দাঁড়িয়ে গেল লোকাল

কর্মব্যস্ত দিনের শুরুতেই ফের রেল অবরোধের কবলে পড়লেন শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীরা। মহিলা কামরা বৃদ্ধির প্রতিবাদে এদিন দক্ষিণ বারাসত স্টেশনে অবরোধে সামিল হন বহু যাত্রী। এর জেরে সকালের ব্যস্ত সময়ে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় লক্ষ্মীকান্তপুর লাইনে।

সকাল সাড়ে সাতটা নাগাদ হাতে প্ল্যাকার্ড নিয়ে অবরোধকারীরা লাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, এমনিতেই অফিস টাইমে ঠাসা ট্রেনে ওঠা দায়। তার উপর মহিলা কামরার সংখ্যা বাড়ানোয় পুরুষ যাত্রীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। জেনারেল কোচে অস্বাভাবিক ভিড় বাড়ছে। এই সমস্যার সমাধানে কোনও পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তাঁরা অবরোধে সামিল হয়েছেন বলে জানান।

এই অবরোধের প্রভাব পড়ে আপ ও ডাউন উভয় লাইনেই। দক্ষিণ বারাসতের পাশাপাশি ধপধপি স্টেশনেও একই দাবিতে রেল অবরোধ শুরু হয়। এখানেই শেষ নয়, মথুরাপুর স্টেশনেও বহু যাত্রী রেল লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘক্ষণ ধরে চলা এই প্রতিবাদের জেরে লক্ষ্মীকান্তপুর ও নামখানা লাইনের ট্রেন চলাচল সবচেয়ে বেশি ব্যাহত হয়। আশপাশের স্টেশনগুলিতেও একাধিক লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে অবরোধকারীরা তাঁদের দাবিতে অনড় রয়েছেন বলে জানা গিয়েছে। এই অবরোধের জেরে কর্মস্থলে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।