“সব কিছু ধ্বংস করে দিচ্ছে”—ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করলেন জো বাইডেন

চলতি বছরে দ্বিতীয়বারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ফিরে আসা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর অভিযোগ, ট্রাম্প প্রশাসন সবকিছু ধ্বংস করে দিচ্ছে। ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যেই তারা প্রচুর ক্ষতি এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার শিকাগোতে এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে তীব্র আক্রমণ করেন। তিনি আমেরিকার বাসিন্দাদের সামাজিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। বাইডেন বলেন, “১০০ দিনেরও কম সময়ের মধ্যে, এই নতুন প্রশাসন এতো ক্ষতি করেছে এবং এতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে— একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছে।”
বাইডেন আরও বলেন, “আমরা এতো বিভক্ত জাতি হিসেবে এভাবে চলতে পারি না। আমি যেমন বলেছি, আমি অনেক দিন ধরে এটা করে আসছি। এটা কখনোই এতো বিভক্ত ছিল না।”
ট্রাম্পের শাসনকালে আমেরিকায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন বাইডেন।
তবে বাইডেনের এই সতর্কবার্তাকে গুরুত্ব দিতে নারাজ ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বাইডেনের বক্তৃতার সমালোচনা করে বলেন, বাইডেন ঘুমাতে যাওয়ার সময়ে এই বক্তৃতা দিয়েছেন। তিনি বাইডেনের বক্তব্যকে মিথ্যা বলেও দাবি করেন।