“আমিরের পেছনে দাঁড়াতে চাইনি!”- ‘রং দে বাসন্তী’ ছাড়ার কারণ জানালেন রণদীপ হুদা

বলিউডের প্রতিভাবান অভিনেতা রণদীপ হুদা বরাবরই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। বহু প্রশংসিত সিনেমায় দেখা গেছে তাঁকে। তবে জানেন কি, ২০০৬ সালের অন্যতম সাড়া জাগানো সিনেমা ‘রং দে বাসন্তী’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ ছিল তাঁর?

পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা প্রাথমিকভাবে রণদীপ হুদাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নেওয়ার কথা ভেবেছিলেন। তবে সেই সময় অভিনেতা ছবিটি ছেড়ে দিয়েছিলেন। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, সেই সময় রাম গোপাল ভার্মার একটি প্রজেক্টে কাজ করতে আগ্রহী ছিলেন তিনি। তবে আসল কারণ আরও গভীরে প্রোথিত ছিল। রণদীপ নিজেই জানিয়েছেন, আমির খানের সঙ্গে একটি ছোট চরিত্রে কাজ করতে তাঁর আত্মসম্মানে লেগেছিল।

সম্প্রতি শুভঙ্কর মিশ্রর সঙ্গে এক সাক্ষাৎকারে রণদীপ হুদা অকপটে স্বীকার করেছেন যে, তিনি ‘রং দে বাসন্তী’ ছবিতে অভিনয় না করার প্রধান কারণ ছিল তাঁর অহংকার। তিনি বলেন, ‘আমার স্বভাবজাত অহংকার বেরিয়ে পড়েছিল। আমি পোস্টারে আমির খানের পেছনে দাঁড়াতে চাইনি।’

রণদীপ হুদা আরও জানান, তিনি ভগৎ সিংয়ের চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন, যে চরিত্রে পরবর্তীতে সিদ্ধার্থকে দেখা যায়। পরিচালক রাকেশ মেহরা বারবার তাঁকে ছবিতে অভিনয় করার জন্য উৎসাহিত করেছিলেন।

ঠিক সেই সময়েই পরিচালক রাম গোপাল ভার্মা তাঁকে একটি সিনেমায় মুখ্য চরিত্রে কাজের প্রস্তাব দেন। সেই প্রস্তাব পাওয়ামাত্রই রণদীপ হুদা ‘রং দে বাসন্তী’তে অভিনয় না করার সিদ্ধান্ত নেন। আমিরের খানের মতো তারকার সঙ্গে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের বদলে তিনি রাম গোপাল ভার্মার সিনেমায় বড় চরিত্রে মনোযোগ দিতে চেয়েছিলেন।

রণদীপ হুদা স্বীকার করেছেন, সেই সময় তাঁর অহংকারই তাঁকে এমন একটি বড় সুযোগ ছেড়ে দিতে বাধ্য করেছিল। শুধু তাই নয়, একই কারণে তিনি ফারহান আখতারের জনপ্রিয় সিনেমা ‘রক অন!!’-এর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন বলে জানান।

বর্তমানে রণদীপ হুদা বলিউডের অন্যতম পরিচিত এবং সম্মানিত অভিনেতা। তবে এক সময়ের অহংকারের বশে দুটি বড় সুযোগ হারানোর আক্ষেপ হয়তো আজও তাঁর মনে কোথাও না কোথাও রয়ে গেছে।