“আমার মনে হয় না ওর …?”-কেন ভেঙেছিল দীপিকা-রণবীরের সম্পর্ক, জানালেন মা নীতু কাপুর

বলিউড অভিনেতা রণবীর কাপুরের জীবনে বহু নারীর আনাগোনা থাকলেও, অভিনেত্রী দীপিকা পাডুকোন ছিলেন তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। একসময়ে এই দুই তারকার গভীর প্রেমের সম্পর্ক ছিল।

প্রায় একই সময়ে বলিউডে নিজেদের ক্যারিয়ার শুরু করেছিলেন রণবীর ও দীপিকা। ২০০৮ সালে ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন এই হিট জুটি। সেই সময় থেকেই তাদের প্রেমের সূত্রপাত হয়।

এরপর বিভিন্ন পার্টি এবং ইন্ডাস্ট্রির একাধিক অনুষ্ঠানে এই প্রেমিক যুগল পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিতেন। তাদের প্রেম এতটাই গভীর ছিল যে, এক সময়ে দীপিকা তার পিঠে রণবীরের নামের প্রথম অক্ষর (‘RK’) ট্যাটুও করেছিলেন।

তবে হঠাৎ করেই তাদের সম্পর্কে ছন্দপতন ঘটে এবং বিচ্ছেদ হয়ে যায়। দীপিকা ও রণবীরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিভিন্ন সময়ে শোনা গিয়েছিল যে রণবীর দীপিকার সঙ্গে প্রতারণা করেছেন, যার কারণে অভিনেত্রী নাকি হতাশায়ও ভুগতে শুরু করেছিলেন।

সম্প্রতি রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের ব্রেকআপ নিয়ে একটি অনুষ্ঠানে মুখ খোলেন অভিনেতার মা নীতু কাপুর। সেখানে তিনি জানান, কেন তাদের সম্পর্ক আর বেশিদূর এগোয়নি।

একটি পুরনো সাক্ষাৎকারে নীতু কাপুরকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় না ওর (রণবীরের) অনেক বান্ধবী আছে। কেবল একজনই ছিল, সে দীপিকা। আমার মনে হয় হয়ত সম্পর্কের মধ্যে কিছু একটার অভাব ছিল। সম্পর্ক তো সবারই থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে সকলে এগিয়েও যান। যদি তাদের সম্পর্ক এতটাই নিখুঁত হতো, তাহলে সম্পর্ক ভেঙে যেত না।’

একইসঙ্গে নীতু কাপুর আরও স্পষ্ট করে জানান যে তিনি কোনোভাবেই দীপিকাকে ‘খারাপ’ বলতে চান না। কখনও তার মনেও হয়নি যে মেয়েটি কোনো দিক থেকে খারাপ ছিলেন। তার কথায়, ‘বিয়ে করো না বা এইরকম বান্ধবী রেখো না, এমন মন্তব্য তো কখনও করব না। রণবীর যা করতে চায়, সেটা ওর উপরই নির্ভর করবে। তবে আমি আমার তরফে যতটুকু সম্ভব মতামত জানিয়েছি। বাকি সিদ্ধান্ত ও নিত।’

বর্তমানে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোন দুজনেই তাদের নিজ নিজ জীবনে এগিয়ে গিয়েছেন। দীপিকা এখন অভিনেতা রণবীর সিং-এর স্ত্রী এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে, রণবীর কাপুর অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ এবং তাদেরও একটি কন্যা সন্তান রয়েছে।