‘প্রতিশোধের আগুনে’ মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারল প্রতিবেশী, গ্রেফতার হলেন অভিযুক্ত

কেরালার কাসাড়গড়ে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রতিশোধ স্পৃহায় এক ব্যক্তি এক মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, নিহত মহিলার নাম সি রোমিথা, বয়স ৩২ বছর। তিনি একটি মুদির দোকান চালাতেন।

পুলিশ জানিয়েছে, রোমিথা এবং অভিযুক্ত রামামৃথম একই আবাসনের বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে রামামৃথম মদ্যপ অবস্থায় রোমিথার সঙ্গে অভব্য আচরণ করলে তাদের মধ্যে ঝামেলা হয়। রোমিথা এই বিষয়ে আবাসনের সম্পাদকের কাছে রামামৃতমের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন।

রোমিথার অভিযোগের ভিত্তিতে আবাসনের সম্পাদক রামামৃথমকে ডেকে কঠোরভাবে সতর্ক করেন। এরপর রামামৃথম রোমিথাকে আর বিরক্ত করেনি এবং বিষয়টি মিটে গেছে বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু রামামৃথম মনে মনে যে প্রতিশোধের আগুন পুষে রেখেছিল, তা কেউই টের পায়নি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুর সাড়ে তিনটা নাগাদ রোমিথা যখন দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই রামামৃথম আচমকা সেখানে উপস্থিত হয়। রোমিথা কিছু বুঝে ওঠার আগেই রামামৃথম প্রথমে দোকানের ভেতরে একটি থিনারের বোতল ছুঁড়ে মারে এবং সঙ্গে সঙ্গে দেশলাই কাঠি জ্বালিয়ে ছুড়ে সেখান থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে দোকানে দাউ দাউ করে আগুন ধরে যায়। আশেপাশের দোকান থেকে লোকজন ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে এবং দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। তবে ততক্ষণে রোমিথার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও, সেই রাতেই রোমিথার মৃত্যু হয়।

এই নৃশংস ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত রামামৃথমকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো অভিযোগের জেরেই রামামৃথম এই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে।