বিশেষ: চাকরি ছেড়ে শুরু করেন চিকেন-পোলাও বিক্রি, গ্র্যাজুয়েট পিউদির দোকানে উপচে পড়া ভিড়!

চুঁচুড়া কোর্ট চত্বরে এখন দুপুর হলেই চোখে পড়ছে এক চেনা ভিড়। আইনজীবীদের কালো কোট, বিচারপ্রার্থীদের ব্যস্ত মুখ – এরই মাঝে সকলের গন্তব্য যেন একটাই, ‘গ্র্যাজুয়েট পিউদির দোকান’। পিউ দাসের হাতের ‘পকেটফ্রেন্ডলি কম্বো’ এবং বিশেষ করে তার ‘পোলাও চিকেন কম্বো’ ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে কোর্ট চত্বরের সকলের।
পিউ দাস, চুঁচুড়া ধরমপুর আদর্শপল্লির বাসিন্দা লক্ষণ ও দিপালী দাসের কন্যা। চন্দননগর খলিশানি কলেজ থেকে ফিলোজফি অনার্সে স্নাতক পিউ, প্রথাগত চাকরির পথে না হেঁটে বেছে নিয়েছেন নিজের শখের জগৎকে। কলেজ শেষ করে প্রথমে হস্টেল ওয়ার্ডেন হিসেবে কাজ করলেও, রান্নার প্রতি তার অদম্য ভালোবাসা তাকে নতুন পথে চালিত করে। সেই ভালোবাসাকেই পেশা হিসেবে নিয়ে শুরু করেছেন তার এই নতুন ‘স্টার্টআপ’।
কম দামে সুস্বাদু খাবার পরিবেশন করার লক্ষ্য নিয়ে পিউ শুরু করেছেন পোলাও-চিকেন এবং ফ্রায়েড রাইস-আলুর দমের মতো জনপ্রিয় পদ বিক্রি। আর তার এই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই কোর্ট চত্বরের কর্মীদের এবং সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
তবে এই দোকানের নামের পেছনে লুকিয়ে আছে এক ছোট্ট গল্প। ‘গ্র্যাজুয়েট পিউদির দোকান’ – এই নামটি কেন?
পিউ হাসিমুখে জানান, ‘পড়াশোনা শেষ করে চাকরি করছিলাম ঠিকই। কিন্তু, মনের মধ্যে সবসময় নিজের কিছু শুরু করার একটা তাগিদ ছিল। রান্না করাটা আমার শখ। আমি চেয়েছিলাম সাধারণ মানুষের পকেটের কথা মাথায় রেখে যাতে তাঁদের প্লেটে আমি সুস্বাদু খাবার তুলে দিতে পারি। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া। তাই, আমার গ্র্যাজুয়েট হওয়ার পর এই নতুন করে ব্যবসাকে দাঁড় করানো, তাই দোকানের নাম রেখেছি ‘গ্র্যাজুয়েট পিউদির দোকান’।’
প্রতিদিন প্রায় ১৪ কেজি মাংস রান্না করেন পিউ একা হাতে। তার মেনুতে রয়েছে লোভনীয় সব কম্বো অফার। পোলাও-চিকেন কম্বো মাত্র ৫০ টাকায় পাওয়া যাচ্ছে, অন্যদিকে পোলাও-আলুর দম কম্বোর দাম আরও কম, মাত্র ৪০ টাকা। যারা একটু বেশি স্বাদ পেতে চান, তাদের জন্য রয়েছে পোলাও-আলুর দম-চিকেন কষা কম্বো, যার দাম ৭০ টাকা।
পিউ তার আন্তরিকতা এবং সুস্বাদু খাবারের জন্য ইতিমধ্যেই গ্রাহকদের কাছ থেকে অজস্র প্রশংসা পাচ্ছেন। কোর্ট চত্বরের ব্যস্ত জীবনে পিউদির এই ছোট্ট দোকানটি যেন এক শান্তির আশ্রয়, যেখানে সুলভে মেলে তৃপ্তিদায়ক খাবার। তার এই উদ্যোগ নিঃসন্দেহে অন্য তরুণ উদ্যোক্তাদেরও অনুপ্রাণিত করবে।