“২৬ হাজার চাকরি খেল মোদী”-চাকরিহারাদের মিছিলে হাঁটল ‘অযোগ্য’ অঙ্কিতা অধিকারী

আদালতের নির্দেশে ‘অযোগ্য’ হিসেবে প্রথম চাকরি হারানো রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী এ বার চাকরিহারাদের জন্য আয়োজিত প্রতিবাদ মিছিলে অংশ নিলেন। হলদিবাড়ি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ওই মিছিলে একেবারে সামনের সারিতে দেখা গেল পরেশ-কন্যা অঙ্কিতাকে। মিছিলে তিনি স্লোগান তোলেন, ‘২৬ হাজার চাকরি খাওয়া হলো কার স্বার্থে মোদী তুমি জবাব দাও।’

২০২২ সাল থেকে অঙ্কিতা অধিকারীকে নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মুখ হিসেবে চেনে বাংলা। সেই সময় নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের তৎকালীন শিক্ষিকা অঙ্কিতা অধিকারী ও তাঁর বাবা বিধায়ক-মন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজিরা দিতে হয়।

তদন্তে জানা যায়, এসএসসি-র প্রথম প্রকাশিত মেধা তালিকায় ২০ জনের মধ্যেও অঙ্কিতার নাম ছিল না। অথচ ২০১৭ সালের নভেম্বরে দ্বিতীয় তালিকা প্রকাশ হতেই সকলকে টপকে প্রথম স্থান অধিকার করেন তিনি। একেবারে বাড়ির কাছে স্কুলে চাকরিও পান। তদন্তে আরও উঠে আসে, পরেশ অধিকারী প্রভাব খাটিয়ে মেয়ের চাকরির ব্যবস্থা করেছিলেন এবং অঙ্কিতা কোনও ইন্টারভিউও দেননি।

পরবর্তীতে ২০২২ সালে আদালতের নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ২০১৮ সালের ২৪ নভেম্বর থেকে চাকরি করা অঙ্কিতার দুই বছরের বেতনও আদালতের নির্দেশে ফেরত দিতে হয়। সম্প্রতি এসএসসি মামলায় ২০১৬ সালের প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, যার ফলে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে।

আর সেই চাকরিহারাদের হয়েই এ বার রাস্তায় নামলেন সেই ‘চাকরিহারা’ অঙ্কিতা অধিকারী। শনিবার যোগ্য শিক্ষকদের চাকরিতে ফেরানোর দাবিতে হলদিবাড়িতে যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে আয়োজিত মিছিলে তিনি হেঁটেছেন। যুব তৃণমূলের জেলা সভাপতি কমলেশ অধিকারীর পাশেই ব্যানার ধরে মিছিলে পা মেলাতে দেখা যায় অঙ্কিতাকে। মিছিলে বিজেপি ও সিপিএমের জন্যই এই চাকরি গিয়েছে বলেও স্লোগান দিতে শোনা যায় তাঁকে।

তবে অঙ্কিতা অধিকারীর এই মিছিলে অংশগ্রহণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি ও সিপিএম। বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ কটাক্ষ করে বলেন, ‘আমরা শুনেছি, চোরের মায়ের বড় গলা। এখন সেটাই দেখতেও পাচ্ছি। চাকরি চুরিতে অভিযুক্তরাই মিছিল করছে। এদের জন্যই যোগ্য শিক্ষিতরা চাকরি পাননি। ভুলে গেল কী করে?’ এসএফআই-এর লোকাল কমিটির সম্পাদক আকাশ রায়ের দাবি, অঙ্কিতা অধিকারীর বিষয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষ সবটা জানেন। এখানে তাঁদের আর আলাদা করে বলার কিছুই নেই।