হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে আমির খান, ৬০ বছর বয়সে চুটিয়ে প্রেম আমিরের!

বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেতা আমির খানের নতুন প্রেম নিয়ে জোর চর্চা চলছিল। সম্প্রতি নিজের ৬০তম জন্মদিনে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। তবে প্রেম ঘোষণার পরেও এই জুটিকে একসঙ্গে জনসমক্ষে দেখা যায়নি।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল আমির অনুরাগীদের। সম্প্রতি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বান্ধবী গৌরী স্প্র্যাটকে নিয়ে হাজির হন আমির খান। সেই অনুষ্ঠানে তাদের দুজনের আন্তরিক কিছু মুহূর্ত ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আমির খান অনুষ্ঠান মঞ্চে ছবি তোলার আগে গৌরীর দিকে হাত বাড়িয়ে দেন। এরপর দু’জনেই হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দেন। তাদের সঙ্গে ফ্রেমে দেখা যায় চীনা অভিনেতা শেন টেং এবং অভিনেত্রী মা লি-কেও।
এদিনের অনুষ্ঠানে আমির খানের পরনে ছিল কালো রঙের কুর্তা ও সাদা পায়জামা। তার কাঁধে শোভা পাচ্ছিল কালো ও সোনালী রঙের একটি শাল। অন্যদিকে, গৌরীর পরনে ছিল হালকা রঙের শিফন শাড়ি, যার উপর ফুলের কারুকার্য করা ছিল। চোখে চশমা এবং হালকা মেকআপে আমিরের বান্ধবীকে অনবদ্য দেখাচ্ছিল।
গত মাসেই নিজের জন্মদিনে আমির খান গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্কের কথা সকলের সামনে আনেন। এরপর মুম্বাইয়েও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এক সাক্ষাৎকারে আমির তার বান্ধবীকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং জানান, তাদের মধ্যে কোনো লুকোচুরি নেই। তিনি বলেন, ‘গৌরী ব্যাঙ্গালুরুর মেয়ে। আমরা একে অপরকে দীর্ঘ ২৫ বছর ধরে চিনি। তবে দেড় বছর আগে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’ এই প্রথমবার কোনো আন্তর্জাতিক মঞ্চে আমির ও গৌরীকে একসঙ্গে দেখা গেল, যা তাদের সম্পর্কের প্রতি আরও বেশি সিলমোহর দিল।