কেমন হলো সানি দেওলের ‘জাঠ’? জেনেনিন সিনেমায় দক্ষিণী ঝাঁঝ কতটা মুগ্ধ করবে দর্শকদের?

দীর্ঘ দুই বছরের বিরতির পর ফের বড় পর্দায় ঝড় তুলতে এসেছেন এক সময়ের অ্যাকশন হিরো সানি দেওল। গত ১০ই এপ্রিল মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘জাঠ’। সানি অনুরাগীরা এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এই ছবিতে সানির সঙ্গে দেখা যাবে রেগিনা ক্যাসান্দ্রা, রণদীপ হুডা এবং বিনীত কুমার সিং-এর মতো অভিনেতাদের।

‘জাঠ’ সিনেমাটি আসলে দক্ষিণী সিনেমা এবং বলিউডের এক চমৎকার মিশ্রণ। সিনেমার নির্মাতা, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক সকলেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির। শুধু তাই নয়, সিনেমার মূল গল্পটিও দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে তৈরি। তবে এতে দক্ষিণী তারকাদের পাশাপাশি অভিনয় করেছেন বলিউডের পরিচিত মুখেরা।

সিনেমাতে সানি দেওলকে দেখা যাবে বলদেব প্রসাদ সিং নামের এক জাঠের চরিত্রে। অন্যদিকে, রণদীপ হুডা অভিনয় করেছেন রণতুঙ্গার ভূমিকায়। বিনীত কুমার সিং সোমুলু এবং জগপতি বাবু সিবিআই অফিসার সত্যমূর্তির চরিত্রে দর্শকদের সামনে আসবেন।

সিনেমা মুক্তির পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে ‘জাঠ’-এর গল্প ও নির্মাণ কেমন হয়েছে, ছবিটি দেখতে কেমন লাগবে? সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই রইল কিছু কারণ, যা সম্ভবত সানি দেওলের ‘জাঠ’ সিনেমাটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলবে:

যেসব কারণে সানি দেওলের ‘জাঠ’ দর্শকদের মুগ্ধ করতে পারে:

নতুনত্বের ছোঁয়া: চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘মৈত্রী মুভি মেকার্স’ ‘জাঠ’ নির্মাণ করেছে, যারা এর আগে ‘পুষ্পা’-র মতো সফল সিনেমা উপহার দিয়েছে। তাদের হাত ধরেই তৈরি হয়েছে ‘জাঠ’-এর সম্পূর্ণ নতুন এবং মৌলিক গল্প, যা দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পারে।

সানির কামব্যাক: ‘গদর ২’-এর সাফল্যের পর প্রায় দুই বছর সানি দেওল বড় পর্দা থেকে দূরে ছিলেন। এই দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই তাঁর ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। দর্শকরা তাদের প্রিয় তারকাকে ফের দেখার জন্য মুখিয়ে ছিলেন।

দক্ষিণ-বলিউডের মেলবন্ধন: ‘জাঠ’ সম্ভবত প্রথম সিনেমা যেখানে প্রধান অভিনেতা এবং প্রধান খলনায়ক দুজনেই বলিউডের তারকা, অথচ পরিচালক, প্রযোজক এবং সিনেমার প্রেক্ষাপট দক্ষিণী। এই অভিনব মিশ্রণ দর্শকদের কাছে সিনেমাটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলতে পারে।

মনোগ্রাহী সঙ্গীত: দক্ষিণের জনপ্রিয় সঙ্গীত পরিচালক থামান এস ‘জাঠ’-এর সঙ্গীত পরিচালনা করেছেন। সিনেমার গান থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর পর্যন্ত সবকিছুই উচ্চমানের এবং প্রশংসার যোগ্য। সিনেমায় মোট তিনটি গান রয়েছে এবং প্রত্যেকটি গানই বেশ শ্রুতিমধুর। এছাড়াও একটি আইটেম গানে পারফর্ম করেছেন ঊর্বশী রাউতেলা।

নৃশংসতার চিত্রায়ণ: ‘জাঠ’ সিনেমার বেশ কিছু দৃশ্যে ভয়াবহ এবং রক্তক্ষয়ী নৃশংসতা দেখানো হয়েছে। মাথা কেটে নেওয়ার মতো দৃশ্য দর্শকদের মনে ভীতির সঞ্চার করতে পারে। তবে নির্মাতাদের উচিত ছিল এই দৃশ্যগুলি কিছুটা ব্লার করে দেওয়া।

সবমিলিয়ে, সানি দেওলের দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন, একটি নতুন গল্প এবং দক্ষিণ ও বলিউডের মিশ্রণ – এই সমস্ত উপাদান ‘জাঠ’ সিনেমাটিকে দর্শকদের কাছে কতটা গ্রহণীয় করে তোলে, তা সময়ই বলবে।