আইপিএলে প্রীতির জার্সি নিয়ে টানাটানি, ঘটনাস্থলে পুলিশ; এরপর…যা ঘটলো?

আইপিএলে পাঞ্জাব কিংসের খেলা থাকলে গ্যালারিতে প্রায় নিয়মিত দেখা যায় দলের মালকিন প্রীতি জিনতাকে। গতকালও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে বলিউড অভিনেত্রী প্রীতিকে মাঠে দেখা গেছে, যিনি বরাবরই দলের খেলোয়াড় ও সমর্থকদের জন্য বাড়তি প্রেরণা জুগিয়ে থাকেন।

প্রীতি জিনতা গ্যালারিতে উপস্থিত থাকা মানেই দর্শকদের মধ্যে এক অন্যরকম উন্মাদনা সৃষ্টি হয়। খেলার ভালো মূহূর্তে তাঁর হাসিমাখা মুখ যেমন দর্শকদের আনন্দ বাড়িয়ে তোলে, তেমনই দলের খারাপ সময়ে তাঁর বিষণ্ণ মুখ যেন গ্যালারিতেও নীরবতা নিয়ে আসে।

এবারের আইপিএলে প্রীতি জিনতা তাঁর দলের সমর্থকদের মাঝে জার্সি উপহার দিচ্ছেন। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে প্রীতির দেওয়া জার্সি পাওয়ার জন্য সমর্থকদের মধ্যে কাড়াকাড়ির একটি ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রীতি জিনতা পাঞ্জাব কিংসের ভক্তদের উদ্দেশ্যে দলের জার্সি উপহার হিসেবে ছুঁড়ে দিচ্ছেন। সেই জার্সিটি কে ধরবেন, তা নিয়ে গ্যালারির কয়েকজন দর্শকের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, একজন পুলিশ সদস্য এসে দর্শকদের শান্ত করার চেষ্টা করেন। তবে এরপর ঠিক কী ঘটেছিল, তা ভিডিওতে স্পষ্ট নয়।

চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের পারফরম্যান্স খুব খারাপ নয়। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলটি এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৩টিতে জয়লাভ করেছে এবং ২টি ম্যাচে হেরেছে। তাদের সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে বড় রান করেও হারতে হয়েছে। এর আগে ৮ই এপ্রিলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১৮ রানে হারিয়েছিল পাঞ্জাব। শ্রেয়াস আইয়ারের দলের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার, যেখানে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। তবে মাঠের বাইরে প্রীতি জিনতার জার্সি বিতরণকে কেন্দ্র করে সমর্থকদের এই উন্মাদনা নজর কেড়েছে সকলের।