‘সিআইডি’র বিরুদ্ধে উঠলো চুরির অভিযোগ, জেনেনিন সম্পূর্ণ ঘটনা

‘সিআইডি’ – এই তিনটি অক্ষর সাধারণ মানুষের কাছে অপরাধীদের আতঙ্ক হলেও, ক্রাইম-থ্রিলার প্রেমীদের কাছে এটি একটি নস্টালজিক অনুভূতি। ভারতের অন্যতম জনপ্রিয় এই টেলিভিশন ধারাবাহিকটি এবার এক অপ্রত্যাশিত অভিযোগের সম্মুখীন। জনপ্রিয় এই শো-এর বিরুদ্ধে উঠেছে ভিডিও চুরির গুরুতর অভিযোগ।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এক ইউটিউবারের ভিডিও নাকি চুরি করে ব্যবহার করেছে ‘সিআইডি’। জনৈক গ্রাফিতি শিল্পী সম্প্রতি ইনস্টাগ্রামে দাবি করেছেন যে এই জনপ্রিয় ধারাবাহিকটি তাঁর কিছু ইউটিউব ভিডিও তাদের এপিসোডে ব্যবহার করেছে।
গত সোমবার মুম্বইয়ের ওই গ্রাফিতি শিল্পী এই অভিযোগের স্বপক্ষে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, ‘সিআইডি’ ধারাবাহিকের একটি দৃশ্যে তাঁর তৈরি করা গ্রাফিতি আর্ট ব্যবহার করা হয়েছে, যা স্পষ্টতই কপিরাইট আইনের লঙ্ঘন।
ওই শিল্পী তাঁর পোস্টে লেখেন, ‘প্রথমদিকে আমি খুবই আনন্দিত হয়েছিলাম, কারণ এই শো আমরা ছোটবেলা থেকে দেখেছি। আর সেখানে নিজের কাজ দেখতে পাওয়া নিঃসন্দেহে একটি ভালো ব্যাপার। কিন্তু পরে জানতে পারি, শুধু আমার কাজ নয়, জেলা, এলমার্ট সহ আরও অনেক শিল্পীর কাজ চুরি করে ব্যবহার করা হয়েছে। মজার বিষয় হল, এঁরা কোনও শিল্পীকে দিয়ে কাজটি না করিয়ে সরাসরি ইউটিউব থেকে ডাউনলোড করে ব্যবহার করেছে। অবশ্য এতে আমার বেশ মজাই লেগেছে!’
এই পোস্টটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেন। একজন ব্যবহারকারী লেখেন, ‘আপনাদের উচিত এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া।’ কেউ আবার রসিকতা করে লেখেন, ‘এঁরাই চোর, খুনি ধরে আর এঁরাই নাকি নিজেরা চুরি করছে! কী অদ্ভুত ব্যাপার!’ তৃতীয় একজন লেখেন, ‘তাহলে ‘সিআইডি’-ও অপরাধ করে!’
কিছুদিন আগেই সনি টিভির পক্ষ থেকে ঘোষণা করা হয় যে ‘সিআইডি’র জনপ্রিয় চরিত্র এসিপি প্রদ্যুমন মারা গেছেন। এই খবরে অনেকেই অভিনেতা শিবাজী সাতাম মারা গেছেন বলে ভুল বুঝেছিলেন। তবে বাস্তবে চরিত্রটির মৃত্যু দেখানো হয়েছে। সেই কারণে বর্তমানে এই শোটি আলোচনায় রয়েছে। আর এরই মধ্যে ভিডিও চুরির মতো গুরুতর অভিযোগ ওঠায় ‘সিআইডি’ ফের বিতর্কের কেন্দ্রে। এখন দেখার বিষয়, এই অভিযোগের প্রেক্ষিতে প্রযোজনা সংস্থা কী পদক্ষেপ নেয়।