সীমান্তে মুখোমুখি বৈঠকে ভারত-পাকিস্তান! হঠাৎ কী নিয়ে হল আলোচনা তাদের মধ্যে?

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা (লাইন অফ কন্ট্রোল – এলওসি)-র চাক্কান দা বাঘ পয়েন্টে মুখোমুখি বৈঠকে বসলেন ভারত ও পাকিস্তানের সেনা কমান্ডাররা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে গত এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে অনুপ্রবেশ এবং জঙ্গি হামলার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সেনাবাহিনীর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সীমান্ত ব্যবস্থাপনার স্বার্থে এই ধরনের বৈঠকের নিয়মিত আয়োজন করা হলেও, বৃহস্পতিবারের বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বিশেষ দিক তুলে ধরা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকে ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে অনুপ্রবেশ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো একাধিক অভিযোগ এনেছে। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও দুই দেশের নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে একই ধরনের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
উল্লেখ্য, গত পয়লা এপ্রিল কৃষ্ণ ঘাঁটি সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনার পরই পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বলে অভিযোগ ওঠে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সেই সময় একটি বিবৃতিও জারি করা হয়েছিল। বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান সেনাবাহিনীর টহলদারির সময় কৃষ্ণ ঘাঁটি সেক্টরে একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়, যা দুই দেশের মধ্যেকার যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এদিনকের বৈঠকে ভারতীয় সেনা আবারও সেই চুক্তি লঙ্ঘনের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করে।
বৈঠকে দুই দেশের সেনা আধিকারিকরা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। অনুপ্রবেশের চেষ্টা রুখতে এবং নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা প্রশমনে উভয় পক্ষই সহযোগিতা বজায় রাখার বিষয়ে সহমত পোষণ করেছে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশ্যে আসেনি। সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার ক্ষেত্রে এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়, সেটাই এখন দেখার বিষয়।