সকালে পৌঁছে বিকেলেই পরিবার নিয়ে হেলিকপ্টারে, পরিবারের শেষ ছবিই হয়ে থাকলো স্মৃতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি পর্যটকদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রযুক্তি জায়ান্ট সিমেন্সের স্প্যানিশ শাখার প্রধান অগাস্টিন এসকোবার, তাঁর স্ত্রী এবং তিন সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারিয়েছেন। নিহত অপরজন হেলিকপ্টারের পাইলট বলে জানা গেছে।
নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের কাছে হাডসন নদীতে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার (১১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য মিরর এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিমেন্স স্পেনের প্রেসিডেন্ট অগাস্টিন এসকোবার তাঁর স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে বার্সেলোনা থেকে নিউইয়র্কে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। হেলিপ্যাডে এবং হেলিকপ্টারের ভেতরে পরিবারের হাসিমাখা ছবিগুলি এখন শোকের ছায়া ফেলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে হেলিকপ্টারটি হাডসন নদীর উপরে ভেঙে পড়ে এবং উল্টে গিয়ে দ্রুত পানিতে তলিয়ে যায়। অনেকে আকাশে হেলিকপ্টারটি “দুই টুকরো” হয়ে যেতে দেখেছেন এবং একটি “সনিক বুম”-এর মতো শব্দও শুনেছেন, যা সম্ভবত হেলিকপ্টারটি ভেঙে পড়ার মুহূর্তের আওয়াজ ছিল।
দুর্ঘটনার শিকার হওয়া হেলিকপ্টারটি “নিউইয়র্ক হেলিকপ্টার” নামক একটি কোম্পানির পর্যটন পরিষেবার অংশ ছিল। এই সংস্থা নিউইয়র্ক শহরের আকাশপথে পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করে থাকে।
সিমেন্স স্পেনের সিইও হিসেবে অগাস্টিন এসকোবার ২০২২ সালে নিযুক্ত হন। এর আগে তিনি সিমেন্স মবিলিটি স্পেনের প্রধানের দায়িত্বও পালন করেছেন। ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি স্পেনের জ্বালানি ও পরিবহন খাতে গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এবং জার্মান চেম্বার অব কমার্স ফর স্পেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
হেলিকপ্টার কোম্পানির সিইও মাইকেল রথ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “আমি সম্পূর্ণভাবে বিধ্বস্ত। ভিডিও দেখে যা বুঝেছি, হেলিকপ্টারের প্রধান রটার ব্লেডগুলো উধাও ছিল, যা আমার ৩০ বছরের কর্মজীবনে কখনোই দেখিনি।”
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “ছয়জন নির্দোষ মানুষের প্রাণ চলে গেল। আমরা তাদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।” তিনি আরও জানান, তদন্তকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে।
এই দুর্ঘটনা নিউইয়র্কের মতো ব্যস্ত শহরের আকাশে হেলিকপ্টার ট্যুরের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এমন পর্যটন হেলিকপ্টার চলাচল কতটা নিরাপদ, সেই বিতর্ক ফের একবার সামনে এসেছে।