শুরু চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মিছিল, কালো ব্যাজ পড়ে হাঁটছেন শিক্ষা কর্মীরা

কসবার ডিআই অফিসের সামনে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে এবং নিজেদের ন্যায্য চাকরির দাবিতে আজ, বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু করেছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ।

জানা গিয়েছে,শিয়ালদহ স্টেশন চত্বর থেকে এই মিছিল শুরু হয়েছে। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষাকর্মীরা পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ পরে হেঁটে চলেছেন। তাঁদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যাচ্ছে, যেখানে নিয়োগে স্বচ্ছতা এবং দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবি জানানো হচ্ছে।

এই মিছিল ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর ব্যানারে আয়োজিত হয়েছে। মঞ্চের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, এই মিছিল সম্পূর্ণ অরাজনৈতিক এবং এর মূল উদ্দেশ্য হল অবিলম্বে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা।

মিছিলে বহু চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তাঁদের কণ্ঠে স্লোগান শোনা যাচ্ছে, যেখানে তাঁরা পুলিশের অত্যাচারের নিন্দা করছেন এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা দাবি করছেন।

উল্লেখ্য, বুধবার কসবার ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের সঙ্গে চাকরিহারাদের ধস্তাধস্তি বাধে এবং পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদেই আজ এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিলটি ধর্মতলার দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মিছিলের জেরে শহরের কিছু অংশে যানজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।