থর মরুরু ছবিতে বিরাট বদল! ধীরে ধীরে সবুজে রূপান্তরিত মরুভূমি তৈরি হচ্ছে বাসভূমি

থর মরুভূমি—এই নামটির সঙ্গেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল, রুক্ষ, শুষ্ক প্রান্তরের ছবি। তবে এবার সেই চিরাচরিত মরুভূমির চিত্রে আসতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন। থর মরুভূমি ধীরে ধীরে সবুজে রূপান্তরিত হচ্ছে!

প্রথমবার শুনলে অবিশ্বাস্য মনে হলেও, বর্তমানে থর মরুভূমির বিভিন্ন অংশে এই অভূতপূর্ব দৃশ্য ধরা পড়েছে। বিগত দুই দশকের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, থর মরুভূমির প্রায় ৩৮ শতাংশ জমিতে ইতিমধ্যেই সবুজের আভা দেখা গিয়েছে।

এই বিস্ময়কর পরিবর্তনের কারণ অনুসন্ধানে নেমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, গত দুই দশক ধরে থর মরুভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে এখানকার মাটিতে জলের স্তর ধীরে ধীরে বাড়ছে। তাই থরকে আর কেবল মরুভূমি হিসেবে চিহ্নিত করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ক্রমশ এখানে সবুজের সাম্রাজ্য বিস্তার লাভ করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই অঞ্চলে ভূগর্ভস্থ জলের স্তর যে হারে বাড়ছে, তাতে এখানকার সামগ্রিক পরিবেশে এক বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে।

এই অভাবনীয় ঘটনা ইতিমধ্যেই নাশা (NASA) এবং আইআইটি গান্ধীনগরের বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁরা মনে করছেন, থর মরুভূমি যদি সত্যিই এভাবে তার চিরাচরিত রূপ পরিবর্তন করতে সক্ষম হয়, তবে তা পৃথিবীর এক বিশাল বিস্ময় হিসেবে গণ্য হবে। নাসার বিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর ১৪টি বৃহৎ মরুভূমি রয়েছে, যেগুলি ভবিষ্যতে মানবজাতির বসবাসের জন্য এক বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উঠে আসতে পারে।

পরিসংখ্যান বলছে, ২০০১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে থর মরুভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বার্ষিক বৃষ্টিপাতের এই বিপুল বৃদ্ধি থরের পরিবেশের দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই পরিবর্তন কেবল থর মরুভূমির ক্ষেত্রেই পরিলক্ষিত হয়েছে, অন্য কোনো বৃহৎ মরুভূমিতে এখনও পর্যন্ত এমন পরিবর্তন দেখা যায়নি।

থরের এই সবুজ বিপ্লব বিজ্ঞানীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। তাঁরা মনে করছেন, যদি এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকে, তবে এখানকার মাটিতে জলের পরিমাণ আরও বাড়বে। মাটিতে জলের প্রাচুর্য বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই গাছের সংখ্যাও বাড়বে। তাই হয়তো আগামী দিনে থর মরুভূমি কেবল ইতিহাসের পাতাতেই একটি শুষ্ক অঞ্চল হিসেবে থেকে যাবে, বাস্তবে সেখানে গড়ে উঠবে এক বিশাল সবুজ শ্যামল জনপদ