সহকর্মীর চাকরি যাওয়ায় ফুঁসছে স্কুল, পড়ুয়ারা এসেও ঢুকছে না স্কুলে! ইউনিট টেস্ট পরীক্ষা স্থগিত

সুপ্রিম কোর্টের রায়ে সহকর্মীকে হারানোর পর ফালাকাটার প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা এক অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন। শিক্ষকরা যেখানে পেন ডাউন কর্মসূচি পালন করছেন, সেখানে পড়ুয়ারাও স্কুলের বাইরে বসে থেকে ক্লাস বয়কট করছেন। এর ফলে স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষা স্থগিত করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রায় ৪০০ জন পড়ুয়াকে এদিন স্কুলে এসেও ক্লাসে অংশ না নিয়ে বাইরে বসে থাকতে দেখা যায়। চা বাগান ঘেঁষা প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই স্কুলটিতে সম্প্রতি যে দুজনের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে একজন ছিলেন অঙ্কের শিক্ষক এবং অন্যজন বাংলার শিক্ষক।

পড়ুয়াদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ওই দুই শিক্ষক কাজে যোগ দেওয়ার পর থেকে স্কুলের পঠন-পাঠনের মানোন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও স্কুলের সুনাম বৃদ্ধি পেয়েছিল। বিদ্যালয়ের এই দুই প্রিয় শিক্ষকের চাকরি যাওয়ায় শিক্ষক ও পড়ুয়ারা কেউই তা মেনে নিতে পারছেন না। শিক্ষকরা আগে থেকেই পেন ডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন এবং এবার তাঁদের সঙ্গে যোগ দিয়েছে পড়ুয়ারাও। তাঁদের একটাই স্পষ্ট দাবি, অবিলম্বে ওই দুই শিক্ষককে তাঁদের পদে ফিরিয়ে দিতে হবে, না হলে তাঁরা ক্লাসে ফিরবেন না।

তবে, পড়ুয়াদের এই প্রতিবাদে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবক মহল। তাঁরা আগামীতে তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ক্লাস বন্ধ রেখে এই ধরনের প্রতিবাদকে অনেকেই সমর্থন করছেন না। তাঁদের মতে, শিক্ষকদের প্রতি সহানুভূতি থাকলেও, পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হওয়া উচিত নয়। এখন দেখার, এই অচলাবস্থা কাটাতে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা দফতর কী পদক্ষেপ নেয়।