“ট্রাম্পের শুল্ক বৃদ্ধি ভারতের জন্য বড় সুযোগ”-জেনেনিন কেন এমন দাবি এস জয়শঙ্করের?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার জেরে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলেও, ভারত এই পদক্ষেপকে ‘একটা সুযোগ’ হিসেবে দেখছে। রাইজ়িং ভারত সামিট ২০২৫-এ বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

জয়শঙ্কর মনে করেন, ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণা ভারতের জন্য একটি বড় সুযোগ তৈরি করতে পারে। যদিও ভারতের উপর এই শুল্কের কতটা প্রভাব পড়বে, তা এখনই বলা সম্ভব নয় বলেও জানান তিনি।

বিদেশমন্ত্রী বলেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যে পরিবর্তন আসছে, তার সঙ্গে মানিয়ে নিতে ভারত প্রস্তুত। ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি ভারতীয় উৎপাদকদের জন্য নতুন বাজার খুঁজে নিতে এবং নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াতে উৎসাহিত করতে পারে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ভারত এবং চিন সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এর ফলে বিশ্ববাজারে একটি চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিন ইতিমধ্যেই এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

তবে, ভারতের বিদেশমন্ত্রীর এই মন্তব্য অন্য সুর শোনাচ্ছে। তিনি মনে করেন, এই পরিস্থিতি ভারতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, যেখানে ভারতীয় পণ্য বিশ্ব বাজারে আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারবে। এখন দেখার বিষয়, ভারত কীভাবে এই ‘সুযোগ’কে কাজে লাগায়।