‘ইন্ডাস্ট্রির মদ্যপ, খুনী বলে? বিপ্লবী দাদা-দিদিমণিদের নাচ গান কি?’ তৈলউডকে একহাত নিলেন কুণাল ঘোষ

ঠাকুরপুকুর বাজারে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ‘ভিডিও বৌমা’ খ্যাত পরিচালক ভিক্টোর গ্রেফতারির পর টলিউডের একাংশের নীরবতা নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এর আগে আরজি করের জুনিয়র ডাক্তার হত্যাকাণ্ডের পর টলিউডের বহু তারকা যেভাবে পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন, এই ঘটনায় তাঁদের সেই ভূমিকা চোখে না পড়ায় প্রশ্ন তুলেছেন কুণাল।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে কুণাল ঘোষ লেখেন, “ঠাকুরপুকুরে মদ্যপ অবস্থায় বেপরোয়া অনিয়ন্ত্রিত গাড়ি চালিয়ে মানুষ মারা জানোয়ারগুলো, এখনও সবাই গ্রেপ্তার নয় কেন? যে চালাচ্ছিল, যে কটা মদ্যপ অসভ্য গাড়িতে ছিল, সবকটার গ্রেপ্তারি চাই। সাধারণ দুর্ঘটনা আর এই মাতাল হয়ে হুল্লোড় করে মানুষ মারা এক নয়।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “টলিউডের বিপ্লবীরা উই ওয়ান্ট জাস্টিস বলে মোমবাতি হাতে নামছেন না কেন? আপনাদের ইন্ডাস্ট্রির মদ্যপ, খুনী বলে? সেই বিপ্লবী দাদা, দিদিমণিদের বিপ্লবী নাচ গান কোথায় গেল?”

কুণাল ঘোষের মতোই একই সুর শোনা গিয়েছে অভিনেত্রী ঝিলম গুপ্তর গলাতেও। তিনিও একটি পোস্টে লেখেন, “শহরে কোন প্রতিবাদ মিছিল হলে টলিউডের অনেককেই মোমবাতি মিছিলে হাঁটতে দেখি। কাগজে তাদের ছবি বেরোয়। ঠাকুরপুকুর অ্যাক্সিডেন্টের ঘটনায় মোমবাতি তো দূর, কাউকে একটা সলতে জ্বালাতেও দেখলাম না।”

উল্লেখ্য, গত রবিবার রাতে ঠাকুরপুকুর বাজারে মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ঢুকে পড়ে একাধিক ব্যক্তিকে ধাক্কা মারেন পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত। এই ঘটনায় একজন মারা যান। অভিযোগ, দুর্ঘটনার সময় গাড়িতে অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, সান বাংলা চ্যানেলের কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু এবং ইউটিউবার স্যান্ডি সাহাও ছিলেন। তাঁরা ‘ভিডিও বৌদি’ ধারাবাহিকের সাফল্যের উদযাপন সেরে ফিরছিলেন বলে জানা গিয়েছে। যদিও স্যান্ডি সাহা দাবি করেছেন যে তিনি মাঝরাস্তায় গাড়ি থেকে নেমে গিয়েছিলেন। এই ঘটনায় টলিউডের অভ্যন্তরেও চাপা উত্তেজনা তৈরি হয়েছে এবং কুণাল ঘোষের মন্তব্য সেই বিতর্ক আরও উস্কে দিল।