ডোমিনিকান প্রজাতন্ত্রে ক্লাবের ছাদ ধসে আহত বহু, মৃত ৭৯ জনের

ডোমিনিকান প্রজাতন্ত্রের স্যান্টো ডোমিঙ্গোতে একটি জনপ্রিয় ক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় মরাঙ্গে উৎসবে যোগ দিতে আসা প্রায় ১৬০ জন মানুষ এই দুর্ঘটনায় আহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে।

উদ্ধারকারী সংস্থা সেন্টার অফ এমার্জেন্সি অপারেশানের ডিরেক্টর হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, তাদের ধারণা ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে জীবিত থাকতে পারেন। সেই কারণে উদ্ধারকর্মীরা শেষ মানুষটিকে উদ্ধার না করা পর্যন্ত হাল ছাড়বেন না।

এই দুর্ঘটনায় বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছেন সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় অক্টাভিয়া ডোটেল, উত্তরপশ্চিমের মন্টেক্রিস্টির গভর্নর এবং বেসবল খেলোয়াড় নেলসন ক্রুজের বোন নেলসি ক্রুজ।

স্থানীয় সূত্রে খবর, রুবি পেরেজ নামে এক সঙ্গীতশিল্পী ওই ক্লাবে গান গাইছিলেন এবং এই ঘটনায় তারও মৃত্যু হয়েছে। তবে হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, ফরেনসিক দল এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। এছাড়াও, জনপ্রতিনিধি ব্রে ভারগসও আহত হয়েছেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এনরিকে পোলিনো জানিয়েছেন, ঘটনাটি আকস্মিকভাবে ঘটে। প্রাথমিকভাবে তিনি ভূমিকম্প হচ্ছে বলে মনে করেছিলেন এবং সঙ্গে সঙ্গেই মাথা ঢেকে মাটিতে শুয়ে পড়েন। তিনি আরও জানান, তাদের দলের একজন স্যাক্সোফোন বাদক মারা গেছেন এবং তারা রুবিকে খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু যেখানে তিনি গান গাইছিলেন, সেখানে শুধুই ধ্বংসস্তূপ।

উদ্ধারকারীদের অনুমান, ভেঙে পড়া ছাদের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় ক্লাবটিতে প্রায় পাঁচশ থেকে এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

দেশের প্রেসিডেন্ট ল্যুই আবিনাডর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, উদ্ধারকারী দল ক্লান্তিহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। প্রেসিডেন্ট আবিনাডর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। মিডিয়ার সঙ্গে কথা না বললেও, ঘটনাস্থলে পৌঁছে তিনি বলেন, “এই মুহূর্তে প্রাণ বাঁচানোই আমাদের প্রধান উদ্দেশ্য। এই ঘটনা আমাদের সকলকে ব্যথিত করেছে।”