ঠাকুরপুকুর কাণ্ডে মুখ খুললেন সায়ন্তিকা…’,স্বস্তিকাও ক্ষোভ উগরে দিলেন ‘সোশ্যাল মিডিয়ায়’!

কলকাতার ঠাকুরপুকুরে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, যাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, সেই ঘটনায় টলিউডের এক পরিচালক ও অভিনেত্রীর নাম জড়ানোয় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বিষয়ে টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী মুখ খুলেছেন। অনেকেই এই ঘটনাকে ‘কালো দিন’ বলে অভিহিত করেছেন, আবার কেউ ইন্ডাস্ট্রির সংস্কৃতির অবক্ষয়কে দায়ী করেছেন।
এই প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী এবং তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “উনি যেই হোন না কেন, এই ঘটনাকে আমি সমর্থন করি না। আমি নিজে গাড়ি চালাই এবং কাউকে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে দেখলে তার প্রতিবাদ করি।” সায়ন্তিকা আরও প্রশ্ন তোলেন, “মত্ত অবস্থায় আছেন জেনেও কেন ওই পরিচালক নিজেই স্টিয়ারিং ধরলেন? কেন একটি গাড়ি ভাড়া করা হল না? গাড়িতে থাকা অন্য যাত্রীরাই বা কেন তাঁকে বাধা দিলেন না?”
অন্যদিকে, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এই ঘটনায় তাঁর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, “এতদিন জানতাম মদ্যপান করে গাড়ি চালানো একটি অত্যন্ত গুরুতর অপরাধ। ধরা পড়লে পুলিশ কোনও কথা শোনে না। কোনও রকম ক্ষমতা, পরিচিতি, ‘আমি কে জানো’, ‘আমি কার ছেলে জানো’ – এই ধরনের মন্তব্য কোনও কাজ করে না। সোজা হাজতবাস। কলকাতায় নাকি পুলিশ এই নিয়ে খুবই কড়াকড়ি করে। তাই জানি এবং তাই দেখেছি। কড়া নাকাবন্দি, চেকিং, গাড়িতে মহিলা থাকলেও কোনও আপোষ নয়।”
স্বস্তিকা আরও বিস্ময় প্রকাশ করে লেখেন, “তাহলে এত মারাত্মক একটা ঘটনাতে সবাই কী করে জামিন পেয়ে গেল? যে মহিলা বাজার থেকে পালাল, তাকে নাকি ধরাই হয়নি। সে কে? তাকে ছেড়ে দেওয়া হল কেন? একটা ‘নো এন্ট্রি’ রাস্তায় ঢুকে একজন কে মেরে ফেলল, বাকি এতজন হাসপাতালে। এত রকম খবর ঘুরছে যে সঠিক কজন বোঝা দায়। কিন্তু একজনের মৃত্যুটা কি মশকরা? এমনই নৈরাজ্য তার মধ্যে মদ খেয়ে এইভাবে এলোপাথাড়ি গাড়ি চালিয়ে লোককে মেরে ফেললেও যদি কোনও শাস্তি না হয়, এবং রাতারাতি জামিন পেয়ে তারা যে যার বাড়ি চলে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে তাহলে আর আইন বা ট্রাফিক আইনের কোনও দরকার নেই। যে যা ইচ্ছে তাই করবে, গাড়ি চাপা দেবে, খুন করবে, ধর্ষণ করবে তারপর কিছুই হবে না।”
ক্ষুব্ধ স্বস্তিকা প্রশ্ন তোলেন, “যার বাড়ির লোক সকালবেলা বাজার করতে এসে কারুর জন্য প্রাণ হারাল আর যারা হাসপাতালে জীবন নিয়ে লড়ছে তাদের দায় কার? তাদের জবাবদিহি কে করবে? তাদের কি হবে? সহ্যের করার একটা সীমা থাকে। সব গিয়ে দেউলিয়া হয়ে গেছি আমরা। এদের বাঁচানোর ও লোক আছে? শাস্তি না পেলে এর শেষ কোথায়? গাড়ি যে চালাচ্ছিল এবং গাড়িতে যে দুজন মহিলা ছিল তারা সমান দোষী। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। পাড়ার মধ্যে একদিন হেলমেট ছাড়া স্কুটিতে ওষুধ কিনতে গেছিলাম, পুলিশ আটকে দিয়েছিল। হাজার একটা কৈফিয়ত চাইল। মানুষ মেরে ফেলেছে যারা তাদের ব্যাপারে চুপ থাকলে তো হবে না। লোক বুঝে নিয়ম পাল্টালেও হবে না। মজা হচ্ছে নাকি! সবার জন্য নিয়ম একটাই। কঠোর শাস্তি।”
স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই জোরালো বক্তব্য এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনামূলক মন্তব্যে ঠাকুরপুকুর কাণ্ড নিয়ে টলিউডের অভ্যন্তরে এবং সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকলেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।