ডাইনির মতো হাসেন শ্রদ্ধা, সেজন্যই সুযোগ পান সিনেমায়!- প্রযোজকের মন্তব্যে ক্ষুব্ধ অনুরাগীরা

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী’ ও ‘স্ত্রী টু’ দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। সিনেমাগুলিতে শ্রদ্ধার অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনই বক্স অফিসেও ছবিগুলি ভালো ব্যবসা করেছে।
তবে সম্প্রতি এক মন্তব্যের জেরে সিনেমার প্রযোজক দীনেশ বিজনের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন শ্রদ্ধার অনুরাগীরা। দীনেশ বিজন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে শ্রদ্ধার হাসি নাকি ডাইনির মতো, এবং সেই কারণেই তাঁকে ‘স্ত্রী’ সিনেমায় কাস্ট করা হয়েছিল।
প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক কোমল নাহাটার সঙ্গে এক একান্ত আলাপচারিতায় পরিচালক অমর কৌশিক ‘স্ত্রী’ সিনেমায় শ্রদ্ধা কাপুরের কাস্টিংয়ের পেছনের গল্প বলতে গিয়ে দীনেশ বিজনের এই বিতর্কিত মন্তব্যটি উল্লেখ করেন। অমর কৌশিক বলেন, ‘শ্রদ্ধার কাস্টিংয়ের পুরো কৃতিত্ব দীনেশ বিজনের প্রাপ্য। তিনি শ্রদ্ধার সঙ্গে একটি ফ্লাইটে আসছিলেন এবং বিমানে তার সঙ্গে দেখা করেছিলেন। তিনি আমাকে এসে বলেন যে, অমর শ্রদ্ধা বলে যে মেয়েটি আছে, সে পুরো ডাইনির মতো হাসে। দুঃখিত শ্রদ্ধা। তিনি এমনই কিছু বলেছিলেন। শব্দটা ডাইনিই ছিল, নাকি অন্য কিছু, আমি নিশ্চিত নই। তাই তার (শ্রদ্ধা কাপুর) সঙ্গে দেখা হলে, প্রথমেই আমি তাকে হাসতে বলেছিলাম।’
দীনেশ বিজনের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। শ্রদ্ধার অনুরাগীরা অমর কৌশিক এবং দীনেশ বিজনের বিরুদ্ধে একের পর এক বিরূপ মন্তব্য করছেন।
একজন ক্ষুব্ধ ব্যবহারকারী লিখেছেন, ‘প্রথমে আপনারা তার নামে ছবির প্রচার করলেন, কোটি কোটি টাকা উপার্জন করলেন এবং তারপরে তাকে নিয়েই এমন কুরুচিপূর্ণ মস্করা করছেন?’
আরেকজন ব্যবহারকারী একই সুরে লেখেন, ‘এই নারীবিদ্বেষী পুরুষরা কখনোই তাদের কাজ এবং অভিনয়ের প্রশংসা করবে না, কিন্তু দেখুন তারা কীভাবে একজন অভিনেত্রীর হাসি নিয়ে কথা বলছে!’
তৃতীয় আরেকজন ব্যবহারকারী এই মন্তব্যকে ‘জঘন্য মানসিকতা’র পরিচায়ক বলে উল্লেখ করেছেন এবং এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘স্ত্রী ২’ বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে। ছবিটি ভারতীয় বাজারে প্রায় ৫৯৭ কোটি রুপি আয় করেছে। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও এবং অপারশক্তি খুরানা। বাণিজ্যিক সাফল্য সত্ত্বেও, প্রযোজকের এই ধরনের মন্তব্য অভিনেত্রীর সম্মানহানি করেছে বলে মনে করছেন তাঁর ভক্তরা।