“যোগ্য-অযোগ্যদের মিলিয়ে দিতেই বৈঠক ডেকেছেন মমতা”- সুকান্ত মজুমদার

SSC দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরিহারাদের সঙ্গে বৈঠককে ঘিরে উঠল রাজনৈতিক প্রশ্ন। মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানালেন— এই বৈঠকের উদ্দেশ্যই হল যোগ্য ও অযোগ্যদের গুলিয়ে দেওয়া।
সুকান্তবাবুর অভিযোগ,“শুরু থেকেই তৃণমূল সরকারের উদ্দেশ্য ছিল দুধ-জলের মতো সব মিশিয়ে দেওয়া। আজকের এই বৈঠকেরও একই কৌশল। যাতে একেবারেই বোঝা না যায়, কারা প্রকৃত যোগ্য আর কারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল।”
তিনি আরও দাবি করেন,“এই যাঁরা অযোগ্য, এঁরা সবাই তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে। এখন সেইসব চাকরি বাতিল হওয়ার পর, যোগ্যদের সামনে এনে একটা আবেগের ছবি তৈরি করতে চাইছে সরকার।”
সুকান্তবাবুর সোজাসাপটা বক্তব্য—“সরকার চাইলে এতদিনে আদালতের সামনে একটা স্বচ্ছ তালিকা দিত— কে টাকা দিয়ে চাকরি পেয়েছে আর কে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছে। সেটা তো করা হয়নি। বরং জেনেবুঝেই সব মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”
তিনি সন্দেহ প্রকাশ করে বলেন,“তালিকা দিলে অনেকেই ধরা পড়ে যাবে। টাকা খরচ করে যারা চাকরি পেয়েছিল, তারা টাকা ফেরত চাইবে। তাই হয় গোটাটাই বাতিল করে দাও, নয়তো কেউ যেন ধরা না পড়ে— এটাই সরকারের কৌশল।”
মুখ্যমন্ত্রীর এই বৈঠককে রাজনীতিক উদ্দেশ্যপ্রসূত বলে দাবি করেছে বিজেপি। তবে তৃণমূল শিবির বলছে— এই বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি ভুক্তভোগীদের কথা শুনতে চান এবং তাঁদের পাশে দাঁড়াতে চান।
SSC দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যে যে নতুন করে তোলপাড় শুরু হয়েছে, তার কেন্দ্রে এখন এই ‘যোগ্য-অযোগ্য’ বিতর্ক। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর এখন গোটা রাজ্যের।