বেঙ্গালুরু-তে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন”, সরু গলিতে যুবতীর শ্লীলতাহানির চেষ্টা, দেখেনিন CCTV-ফুটেজ

ফের একবার কর্নাটকের বেঙ্গালুরু শহরে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তথাকথিত ‘সিলিকন ভ্যালি’তে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সরু গলি দিয়ে হেঁটে আসছেন দুই মহিলা। তাঁদের ঠিক পিছন পিছন হেঁটে আসছে এক যুবক। এরপরই আচমকা ওই যুবক এক মহিলার দিকে তেড়ে যায় এবং তাঁকে যৌন হেনস্থা করে। ঘটনার পর বুক ফুলিয়ে ওই যুবককে ঘটনাস্থল থেকে পালাতে দেখা যায়।
Shocking CCTV shows a woman was molested in Bengaluru’s BTM Layout on April 3.
CCTV footage shows a man following two women, groping one, and fleeing.
Case registered under sections 74, 75, 78
Police launch an investigation. pic.twitter.com/DnXV7Kskml
— Pinky Rajpurohit 🇮🇳 (@Madrassan_Pinky) April 6, 2025
জানা গিয়েছে, ঘটনাটি বেঙ্গালুরুর বিটিএম লেআউট (BTM Layout) এলাকার। ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার ভয়াবহ ছবি ধরা পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, পিছন থেকে দ্রুতগতিতে ধাওয়া করে এসে ওই ব্যক্তি আচমকাই এক মহিলাকে জাপটে ধরে। শুধু তাই নয়, অভিযুক্ত তাঁর বুকেও হাত দেয় বলে অভিযোগ।
তবে ভিডিওতে আরও দেখা যায়, আক্রান্ত মহিলার সঙ্গে থাকা দ্বিতীয় মহিলাটি দ্রুত তাঁর হাত ধরে ফেলেন এবং দুজনে মিলে ওই যুবকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। মহিলাদের প্রতিরোধের মুখে পড়েই অজ্ঞাত পরিচয় অভিযুক্ত ব্যক্তিটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর দুই মহিলাকে সেখান থেকে হেঁটে চলে যেতে দেখা যায়।
যদিও ‘দ্য ওয়াল’ এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি, তবে সিসিটিভি ক্যামেরার এই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। বেঙ্গালুরু শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, নির্যাতিতা নিজে এগিয়ে এসে অভিযোগ জানালে ওই অজ্ঞাত পরিচয় অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আপাতত পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে নির্যাতিতা এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে। তবে বেঙ্গালুরুর রাস্তায় মহিলাদের হেনস্থার ঘটনা একেবারেই নতুন নয়। গত কয়েক মাসে লাগাতার মহিলাদের হেনস্থার একাধিক অভিযোগ সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, এই সাম্প্রতিক ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। তবে আচমকা এমন একটি ভয়াবহ ভিডিও প্রকাশ্যে আসতেই বেঙ্গালুরু শহরের বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বাড়ছে, তা বলাই বাহুল্য।